সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শেষ হয়েও হইল না শেষ৷’ উড়তা পাঞ্জাব-এর নিয়তিতে যেন এ কথাই অক্ষরে অক্ষরে সত্যি হল৷ বম্বে হাই কোর্টের ঐতিহাসিক রায়ের পরেও মিলল না স্বস্তি৷ ছবির বিরুদ্ধে এবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে৷ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল পাঞ্জাবের এক স্বেচ্ছাসেবি সংস্থা৷
গোড়া থেকেই বিতর্কে ‘উড়তা পাঞ্জাব’৷ ছবিটিকে ছাড়পত্র দিতে নারাজ ছিল সিবিএফসি৷ মোট ৮৯টি দৃশ্য বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়৷ ছবির নামে ‘পাঞ্জাব’ শব্দ নিয়েও আপত্তি তোলা হয়৷ এমনকী ছবির প্রেক্ষাপট থেকে পাঞ্জাবকে বাদ দেওয়ারও নির্দেশ দেয় সেন্সরের রিভাইজিং কমিটি৷ এই প্রস্তাবের বিরুদ্ধে বম্বে হাই কোর্টে মামলা করে ছবির প্রযোজক সংস্থা ফ্যান্টম ফিল্মস৷ যুগান্তকারী রায়ে আদালত জানায়, ছবি থেকে দৃশ্য বাদ দেওয়ার কোনও এক্তিয়ারই নেই সিবিএফসির৷ তাদের কাজ শুধুমাত্র ছবিটিকে ছাড়পত্র দেওয়া৷ প্রকাশ্যে মূত্রত্যাগের একটি দৃশ্য বাদ দিয়েই ছবিটিকে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেয় আদালত৷ সেইমতো ১৭ জুন ছবি মুক্তি পাওয়ার কথা৷
কিন্তু এরই মধ্যে আরও একবার বিপাকে উড়তা৷ এএনআই সূত্রে খবর, এবার পাঞ্জাবের এক স্বেচ্ছাসেবি সংস্থা বম্বে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দ্বারস্থ হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের৷ ছবির মুক্তিতে স্থগিতাদেশ চেয়েই এই আবেদন৷ ফলে ছবিমুক্তির দিন আরও পিছল বলেই মনে করা হচ্ছে৷
এই সম্ভাবনার কথা আগেও উড়িয়ে দেওয়া হচ্ছিল না৷ এরকম কোনও পদক্ষেপের কথা আঁচ করেই ছবির অন্যতম প্রযোজক অনুরাগ কাশ্যপের কাছে জানতে চাওয়া হয়েছিল, এক্ষেত্রে তাঁরা কী করবেন৷ অনুরাগ জানিয়েছিলেন, যে কোনও আদালতে গিয়েই ছবির সপক্ষে তাঁদের বক্তব্য পেশ করতে রাজি তিনি৷ এবারও সেই পথেই হাঁটতে বাধ্য হবেন তিনি৷ তবে ছবির মুক্তি নিয়ে এই মুহূর্তে প্রশ্ন থেকেই গেল৷
Punjab based NGO moves SC challenging Bombay HC order on #UdtaPunjab, seeks stay on film.
— ANI (@ANI_news) June 15, 2016
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!