Engineer Rashid

‘পেলেট গান তো আপনাদের আমদানি’, কাশ্মীরে মৃত্যুর খতিয়ান তুলে কংগ্রেসকে তোপ ‘জঙ্গি’ রশিদের

কংগ্রেস শিবিরকে তোপ দেগে রশিদ বলেন, '২০১০ সালে আপনারাই কাশ্মীরে পেলেট গানের ব্যবহার শুরু করেন। আপনারাই ১৫০ জনকে হত্যা করেছেন।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৬:০৯

options
link
‘পেলেট গান তো আপনাদের আমদানি’, কাশ্মীরে মৃত্যুর খতিয়ান তুলে কংগ্রেসকে তোপ ‘জঙ্গি’ রশিদের
কাশ্মীরে মৃত্যুর খতিয়ান তুলে কংগ্রেসকে তোপ রশিদের।

দিল্লিতে পড়ুয়াদের উপর পেলেট গান ব্যবহারের অভিযোগ তুলে সংসদে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার সেই ইস্যুতেই কংগ্রেসকে তেড়েফুঁড়ে আক্রমণ করলেন বারামুলার নির্দল সাংসদ শেখ আবদুল রশিদ বা ইঞ্জিনিয়র রশিদ (Engineer Rashid)। পেলেট গানের প্রসঙ্গ তুলে তাঁর তোপ, পেলেট গানের ব্যবহার আপনারাই শুরু করেছিলেন কাশ্মীরে। সাধারণ মানুষের বিক্ষোভ দমন করতে নৃশংসতার আশ্রয় নিয়েছিলেন। তবে কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি কেন্দ্রকেও একহাত নিতে ছাড়েননি রশিদ।

Advertisement

লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়র রশিদ বলেন, “২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরে কংগ্রেস ও বিজেপি উভয়ই সরকারে ছিল। কিন্তু কাশ্মীর ইস্যুতে আলোচনার পরিবর্তে বলপ্রয়োগে বিক্ষোভ দমন করা হয়েছিল। আজ পেলেট গান নিয়ে এত কথা হচ্ছে। আমি ইন্ডিয়া জোটকে বলতে চাই, ২০১০ সালে আপনারাই কাশ্মীরে পেলেট গানের ব্যবহার শুরু করেন। আপনারাই ১৫০ জনকে হত্যা করেছেন। পেলেট গানের কারণে শত শত তরুণ কাশ্মীরি তাঁদের দৃষ্টিশক্তি হারিয়েছেন বা গুরুতরভাবে আহত হয়েছেন। সেই সময় আপনারা ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে জম্মু ও কাশ্মীরে সরকার চালাচ্ছিলেন।” সংসদে রশিদ প্রশ্ন তোলেন, “দেশের বিভিন্ন অংশে বিক্ষোভের ক্ষেত্রে কেন ভিন্ন ভিন্ন নীতি প্রয়োগ করা হয়?”

Advertisement

সরকারের উদ্দেশে রসিদের প্রশ্ন, “কাশ্মীরের ক্ষেত্রে কেন একই রকম সহানুভূতিশীল ও আলোচনার রাস্তা অবলম্বন করা হয় না।”

নিট প্রশ্নফাঁস ও ছাত্রদের বিক্ষোভ প্রসঙ্গে বলতে গিয়ে রশিদ আরও বলেন, “সরকার যে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে এবং সোনম ওয়াংচুককে অনশন থামাতে রাজি করিয়েছে তা ইতিবাচক। এই পদক্ষেপকে আমি অবশ্যই স্বাগত জানাই। কিন্তু আমার প্রশ্ন হল কাশ্মীরের ক্ষেত্রে কেন একই রকম সহানুভূতিশীল ও আলোচনার রাস্তা অবলম্বন করা হয় না।”

Advertisement

উল্লেখ্য, ২০ জুলাই যন্তর মন্তরে পড়ুয়াদের সংসদ অভিযানে পুলিশের বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ উঠেছিল। এমনকী সেখানে র‍্যাফের তরফে পড়ুয়াদের দিকে বেশ কয়েক রাউন্ড পেলেট গান ছোড়ারও অভিযোগ ওঠে। এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়ে সংসদে সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যদিও সরকারের তরফে সংসদে স্পষ্ট করে দেওয়া হয়, পড়ুয়াদের দিকে কাঁদানে গ্যাস ছুড়েছিল পুলিশ। কোনওরকম গুলি চালানোর ঘটনা ঘটেনি। এবার সেই ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদ। প্রসঙ্গত, সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে অভিযুক্ত বারামুলার এই সাংসদ। বর্তমানে তিহাড় জেলই তাঁর ঠিকানা।    

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.