Sitaram Yechury Death

জাতীয় রাজনীতিতে নক্ষত্রপতন! বুদ্ধের পর বাম আকাশ শূন্য করে চলে গেলেন ইয়েচুরিও

বয়স হয়েছিল ৭২ বছর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১৮:০৩

options
link
জাতীয় রাজনীতিতে নক্ষত্রপতন! বুদ্ধের পর বাম আকাশ শূন্য করে চলে গেলেন ইয়েচুরিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় রাজনীতিতে নক্ষত্রপতন! প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর। ফুসফুসে সংক্রমণের জেরে দিল্লি এইমসে চিকিৎসাধীন ছিলেন বাম নেতা। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সিপিএম পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু শীর্ষ নেতার মৃত্যুর কথা জানিয়েছেন। বাম নেতার প্রয়াণে শোকের ছায়া নেমেছে দেশের রাজনৈতিক মহলে। বলা বাহুল্য, অল্প সময়ের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য এবং ইয়েচুরির মৃত্যুতে (Sitaram Yechury Death) বড়সড় শূন্যতা তৈরি হল ভারতের বাম রাজনৈতিক মহলে।

Advertisement

গত ২৯ আগস্ট রাতে প্রবীণ বামপন্থী নেতাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক‌্যাল সায়েন্সেস (AIIMS)-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সোশাল মিডিয়ায় সিপিআইএমের তরফে এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদকের অবস্থা ‘সংকটজনক’ বলে জানানো হয়েছিল। আর এদিন এল খারাপ খবর। ‘রেসপিরেটরি সাপোর্টে’ থাকার পরেও প্রয়াত হয়েছেন ইয়েচুরি। বাম নেতার প্রয়াণে শোকপ্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, সীতারাম ইয়েচুরির মৃত্যু জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি। এদিকে দলীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৬টায় বসন্তকুঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হবে বাম নেতার দেহ। শনিবার বেলা ১১ টা থেকে ৩ টে পর্যন্ত দিল্লির গোল মার্কেট কেন্দ্রীয় কার্যালয়ে শায়িত থাকবে দেহ। যেখানে ভক্ত এবং অনুগামীরা শেষ শ্রদ্ধা জানাবেন। এর পরই এইমসে দেহ দান হবে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: তিনটি গাড়ি, জমি, মোট কত সম্পত্তির মালকিন ভিনেশ ফোগাট?]

১৯৫২ সালের ১২ আগস্ট মাদ্রাজে জন্ম সীতারাম ইয়েচুরির। বাবা সর্বেস্বরা সোম্যজুলা ইয়েচুরি ছিলেন অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মী। মা কল্পকাম ইয়েচুরি সরকারি চাকুরে। মেধাবী ছাত্র ইয়েচুরি সিবিএসই বোর্ডের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হন। পরে ইকোনমিকস নিয়ে বিএ এবং এমএ পাশ করেন। দুই ক্ষেত্রেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন তিনি। ১৯৭৪ সালে ভারতের ছাত্র ফেডারেশনে (SFI) যোগ দেন তিনি। এক বছর পর ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সদস্য হন। জরুরি অবস্থার সময় জেএনইউ বিশ্ববিদ্যালয়ে পিএইচডির ছাত্র ইয়েচুরি গ্রেপ্তার হন। ২০১৫ সালের ১৯ এপ্রিল সিপিআইএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হন বর্ষীয়ান নেতা। বৃহস্পতিবার ৭২ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। এইসঙ্গে একটি যুগের অবসান হল। 

 

[আরও পড়ুন: যোগীরাজ্যে জাতীয় সড়কের ধারে মহিলার মুণ্ডহীন নগ্ন দেহ, ধর্ষণ করে খুন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন