Rose Valley

পুজোর আগে রোজভ্যালি আমানতকারীদের জন্য সুখবর! ৬ মাসের মধ্যে টাকা ফেরত দিতে বলল হাই কোর্ট

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাওয়ালের প্রেক্ষিতে এডিসি কমিটি আদালতকে আশ্বাস দেন, পুজোর আগেই ৫০০ কোটি টাকা আমানতকারীদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ২১:৫২

options
link
পুজোর আগে রোজভ্যালি আমানতকারীদের জন্য সুখবর! ৬ মাসের মধ্যে টাকা ফেরত দিতে বলল হাই কোর্ট
প্রতীকী ছবি।

পুজোর আগেই রোজভ্যালি আমানতকারীদের জন্য সুখবর। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাওয়ালের প্রেক্ষিতে এডিসি কমিটি আদালতকে আশ্বাস দেন, পুজোর আগেই ৫০০ কোটি টাকা আমানতকারীদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের মন্তব্য, শুধু ৫০০ কোটি টাকা নয় রোজভ্যালির সম্পত্তি অবিলম্বে বিক্রয় করে সমস্ত আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে আগামী ৬ মাসের মধ্যে।

Advertisement

রোজভ্যালি দুর্নীতি ভারতের পূর্বাঞ্চলের—বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ওড়িশা এবং আসামের—অন্যতম বৃহত্তম চিটফান্ড কেলেঙ্কারি। গৌতম কুণ্ডুর নেতৃত্বাধীন ‘রোজভ্যালি গ্রুপ’ কম সময়ে বেশি লাভের লোভ দেখিয়ে লাখ লাখ সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। ইডি ও সিবিআই-এর তথ্য অনুযায়ী, সংস্থাটি অনিয়ম ও প্রতারণার মাধ্যমে প্রায় ১৭,০০০ কোটি টাকা বাজার থেকে তুলেছিল, যা সারদা কেলেঙ্কারির পরিমাণের চেয়ে বহুগুণে বেশি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতীয় রিজার্ভ ব্যাংক বা সেবির কোনও বৈধ অনুমতি ছাড়াই সংস্থাটি বাজার থেকে টাকা তুলত। ভুয়ো ডিবেঞ্চার বিক্রির নামে অর্থ সংগ্রহ করত। মূলত গ্রামীণ ও মধ্যবিত্ত পরিবারের প্রায় ৬০ লাখের বেশি মানুষ বেশি সুদের আশায় নিজেদের সারাজীবনের উপার্জিত সঞ্চয় রোজভ্যালি সংস্থায় বিনিয়োগ করে নিঃস্ব হয়ে পড়েন।

Advertisement

২০১৫ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে তদন্তকারী সংস্থাগুলি সংস্থার একাধিক হোটেল, জমি, ব্যাংক অ্যাকাউন্ট ও বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করে। ভুক্তভোগীদের অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য আদালত নির্দেশিত কমিটি গঠিত হয়। তবে বহু প্রতারিত আমানতকারী আজও তাঁদের মূলধন ফেরত পাওয়ার আশায় লড়াই চালিয়ে যাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে আদালতের আজকের নির্দেশ সর্বস্বান্ত আমানতকারীদের জন্য বড় স্বস্তি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.