Milan Pradhan

নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী

১৯ বছরের পুরনো মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয়।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৩:৫০

options
link
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
(বাঁদিকে) মিলন প্রধান এবং (ডানদিকে) কলকাতা হাই কোর্ট। ফাইল ছবি

কলকাতা হাই কোর্টের নির্দেশে কিছুটা স্বস্তিতে নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan)। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যকে তাঁর আইনজীবী জানান, মিলনের বিরুদ্ধে ফের নতুন মামলা দায়ের হয়েছে। একথা শুনে হাই কোর্টের নির্দেশ, আগামী ১২ অক্টোবর পর্যন্ত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। এমনকী নতুন মামলায় তাঁকে গ্রেপ্তার করা যাবে না।

Advertisement

১৯ বছরের পুরনো মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনপর্বে খুন, খুনের চেষ্টা, জমায়েত, লুটপাটের মামলায় দায়ের করা হয়। নন্দীগ্রাম থানায় তিনটি এবং খেজুরি থানায় একটি মামলা রুজু হয়। নন্দীগ্রাম থানার মামলায় ৫ অক্টোবর এবং খেজুরির মামলায় ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে কংগ্রেস প্রার্থী। রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন মিলন প্রধান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবারের শুনানিতে মিলনের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, “এর আগে আদালত যে নির্দেশ ও বক্তব্য নথিবদ্ধ করেছিল, তা অমান্য করা হয়েছে। রাজ্য জানিয়েছিল, মিলনের বিরুদ্ধে আর কোনও মামলা বিচারাধীন নেই। তারপরেও তাঁকে আরও একটি মামলায় যুক্ত করা হয়েছে। ওই মামলায় ৭ অক্টোবর পর্যন্ত হেফাজত হয়েছে।” অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, “শুনানির আগে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলাতে ১৯ তারিখ গ্রেপ্তার করা হয়। ২১ তারিখ আদালতের নজরে আনা হয়। ২২ তারিখ শুনানি হয়। এই তথ্য সঠিক নয়।” দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “আমারও মনে আছে রাজ্যের তরফে জানানো হয় গ্রেপ্তারির মামলাটি ছাড়া অন্য কোনও মামলা বিচারাধীন নেই। তারপরেও ৫টি মামলা ছাড়া অন্য একটি মামলায় কেন তাঁকে আটক করা হল?”

Advertisement

যদিও রাজ্যের দাবি, ওই মামলায় আগেই কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরই হাই কোর্টে শুনানি হয়। আদালতের তরফে প্রশ্ন করা হয়, ২০২১ সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে কেন ২০২৬ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হল। রাজ্যের তরফে জানানো হয়েছে এই মামলাগুলি প্রত্যাহার করা হয়েছিল পূর্বতন রাজ্য সরকারের তরফে। কিন্তু এখন উপনির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলে জানায় আদালত। তার ফলে কিছুটা স্বস্তিতে জেলবন্দি কংগ্রেস প্রার্থী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.