Acropolis Mall

অ্যাক্রোপলিস মলে মহিলার ‘শ্লীলতাহানি’, গ্রেপ্তার ৬

কসবা থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৭:৩৬

options
link
অ্যাক্রোপলিস মলে মহিলার ‘শ্লীলতাহানি’, গ্রেপ্তার ৬
অ্যাক্রোপলিস মল। ফাইল ছবি

অ্যাক্রোপলিস মলে (Acropolis Mall) সিনেমা দেখতে গিয়ে চরম হেনস্তার শিকার চিকিৎসক দম্পতি। ৬ জন মদ্যপ যুবকের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। প্রত্যেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।

Advertisement

ওই চিকিৎসক দম্পতি বাঁশদ্রোণীর বাসিন্দা। রবিবার সন্ধ্যায় তাঁরা অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়েছিলেন। সেই সময় ছ’জন যুবকের সঙ্গে দেখা হয় তাঁদের। অভিযোগ, ওই যুবকেরা মদ্যপ ছিল। ওই মহিলাকে লক্ষ্য করে কুমন্তব্য করে বলেই অভিযোগ। মহিলার দাবি, ওই যুবকদের বেশ কয়েকজন বান্ধবীও ছিলেন। যদিও তাঁরা সেই সময় প্রেক্ষাগৃহের ভিতরেই ছিলেন। মদ্যপ যুবকদের অভব্য আচরণের প্রতিবাদ করেন মহিলা। সেই সময় প্রেক্ষাগৃহ থেকে ওই যুবকদের বান্ধবীরা বেরিয়ে পড়েন। পালটা চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অশান্তির মাঝে প্রেক্ষাগৃহের কর্মীরা চলে আসেন। খবর দেওয়া হয় কসবা থানায়। পুলিশও তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সামনেও চিকিৎসক দম্পতিকে লক্ষ্য করে তারা গালিগালাজ করে বলেই অভিযোগ মহিলার। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ৬ জন যুবককে গ্রেপ্তার করে। ধৃতেরা হল আনন্দ কুমার, সুরেশ কুমার, অরবিন্দ কুমার, সৃজন দরবার, মনোজ রায় এবং অরিন্দম ঘোষ। তাদের সকলকে কসবা থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬ (২), ১১৫(২), ৩(৫), ৭৯, ৭৪, ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের জেরা করে আরও নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের। এই ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত চিকিৎসক দম্পতি। অ্যাক্রোপলিস মলের মতো অভিজাত জায়গায় এই ধরনের মদ্যপের কীর্তিতে স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.