Gardening Tips

শখের বাগানে ম্যাজিক দেখাবে তামার পাত্রে ভেজানো জল! কতটা উপকারী? জানুন আসল সত্যি

তামার পাত্রে রাখা জল গাছে দিলে নাকি বৃদ্ধি হয় দ্বিগুণ। সম্প্রতি এমনটাই চাউর হয়েছে নেট পাড়ায়। দাবি অনুযায়ী, সাধারণ জলের বদলে তামার ছোঁয়া লাগা জল দিলেই কেল্লাফতে! কিন্তু এই ভাইরাল টোটকার পিছনে বিজ্ঞান কী বলছে? আদেও কি তামার জল গাছের জন্য আশীর্বাদ? নাকি অজান্তেই আপনি নিজের সাধের বাগানের ক্ষতি করছেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ২০:৪১

options
link
শখের বাগানে ম্যাজিক দেখাবে তামার পাত্রে ভেজানো জল! কতটা উপকারী? জানুন আসল সত্যি
আদেও কি তামার জল গাছের জন্য আশীর্বাদ? ছবি: সংগৃহীত

তামার পাত্রে রাখা জল গাছে দিলে নাকি বৃদ্ধি হয় দ্বিগুণ। সম্প্রতি এমনটাই চাউর হয়েছে নেট পাড়ায়। দাবি অনুযায়ী, সাধারণ জলের বদলে তামার ছোঁয়া লাগা জল দিলেই কেল্লাফতে! কিন্তু এই ভাইরাল টোটকার পিছনে বিজ্ঞান কী বলছে? আদেও কি তামার জল গাছের জন্য আশীর্বাদ? নাকি অজান্তেই আপনি নিজের সাধের বাগানের ক্ষতি করছেন?

Advertisement

তামা কেন প্রয়োজন?
গাছের বেঁচে থাকার জন্য যে কয়টি অতিপ্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য লাগে, তামা বা কপার তার মধ্যে অন্যতম। তামা গাছের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে। এ ছাড়া এনজাইমের সক্রিয়তা বজায় রাখা এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর ভূমিকা অনস্বীকার্য। মাটিতে সঠিক পরিমাণে তামা থাকলে গাছের পাতা সতেজ থাকে এবং ফলন বাড়ে। মানুষের শরীরের মতো গাছের সুস্থতার জন্যও নির্দিষ্ট মাত্রায় তামা জরুরি।

Advertisement
ছবি: সংগৃহীত

তামার জল কীভাবে কাজ করে?
সাধারণত তামার পাত্রে সারা রাত বা বেশ কয়েক ঘণ্টা জল জমিয়ে রাখলে সামান্য পরিমাণ কপার আয়ন সেই জলে মিশে যায়। এই জল গাছের গোড়ায় দিলে তা সরাসরি শিকড় দিয়ে শোষিত হয়। যদি আপনার টবের মাটিতে তামার ঘাটতি থাকে, তবে এই জল টনিকের মতো কাজ করতে পারে। এতে গাছের ঝিমিয়ে পড়া ভাব দূর হয় এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়।

Advertisement

অতি লোভে তাঁতি নষ্ট
তবে মনে রাখবেন, তামা উপকারী মানেই তা গামলা গামলা ঢালতে হবে, এমন নয়। অতিরিক্ত তামা গাছের জন্য বিষের মতো কাজ করতে পারে। একে বিজ্ঞানের ভাষায় ‘কপার টক্সিসিটি’ বলা হয়। বেশি পরিমাণে তামা শিকড়ের কোষ নষ্ট করে দেয়। ফলে গাছ মাটি থেকে জল বা অন্য পুষ্টি উপাদান টানতে পারে না। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। এমনকী অতিরিক্ত তামার প্রভাবে গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যেতে পারে।

ছবি: সংগৃহীত

ব্যবহারের সঠিক নিয়ম
বিশেষজ্ঞদের মতে, তামার জল ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

১) নিয়মিত নয়: প্রতিদিন এই জল ব্যবহার করবেন না। মাসে বড়জোর একবার বা দু’বার ব্যবহার করাই যথেষ্ট।

২) গাছের চরিত্র বুঝুন: সব গাছ তামার প্রতি সমান সহনশীল নয়। ক্যাকটাস বা সাকুলেন্ট জাতীয় গাছে এই জল দেওয়ার আগে সাবধান হন।

৩) লক্ষণ খেয়াল রাখুন: জল দেওয়ার পর যদি দেখেন গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে বা তামাটে ছোপ ধরছে, তবে তৎক্ষণাৎ ব্যবহার বন্ধ করুন।

শখের বাগানে নতুন কোনও পরীক্ষা করার আগে গাছের ভাষা বোঝা জরুরি। ভাইরাল টোটকায় গা না ভাসিয়ে পরিমিত বোধ বজায় রাখাই বুদ্ধিমানের কাজ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.