Rohit Sharma

ফিটনেসে স্বস্তি, তবু পরীক্ষা বাকি, আফগান সিরিজের আগে রোহিতকে নিয়ে ‘দ্বিধা’য় বিসিসিআই

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগে ছিলেন সমর্থকেরা। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের দলে তাঁকে রাখা হলেও শর্ত একটাই, পুরোপুরি ফিট থাকতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৭:৪৭

options
link
ফিটনেসে স্বস্তি, তবু পরীক্ষা বাকি, আফগান সিরিজের আগে রোহিতকে নিয়ে ‘দ্বিধা’য় বিসিসিআই
রোহিত শর্মা। ফাইল ছবি।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগে ছিলেন সমর্থকেরা। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের দলে তাঁকে রাখা হলেও শর্ত একটাই, পুরোপুরি ফিট থাকতে হবে। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, সম্পূর্ণ সুস্থ না হলে মাঠে নামার অনুমতি মিলবে না।

Advertisement

কিছুদিন আগেই উরুর পিছনের পেশিতে চোট পেয়ে চলতি আইপিএলে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিল রোহিতকে। সেই কারণেই তাঁর ফিটনেস নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল। তবে এবার আশার খবর শোনালেন মুম্বই ইন্ডিয়ান্সের হেডকোচ মাহেলা জয়বর্ধনে। তাঁর কথায়, “রোহিত এখন একশো শতাংশ ফিট। আমাদের মেডিক্যাল টিম সেটাই বলেছে। চোট কাটিয়ে ফেরার পর প্রথম ম্যাচে আমরা একটু সতর্ক ছিলাম। এখন ওকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হচ্ছে শুধুমাত্র দলের কৌশলের জন্য, ফিটনেসের জন্য নয়।”

Advertisement

তিনি আরও বলেন, “রোহিত সব সময় দলের কথা আগে ভাবে। তাই এই পরিকল্পনাটা ও খুব ভালোভাবেই মেনে নিয়েছে।” মুম্বই কোচের এই মন্তব্যে স্বস্তি পেয়েছেন সমর্থকেরা। এতে পরিষ্কার, রোহিত এখন আফগান সিরিজের জন্য সম্পূর্ণ ফিট। যদিও তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতকে ফিটনেস টেস্টে পাশ করতেই হবে। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিসিসিআই এখনও পুরোপুরি নিশ্চিন্ত নয়। চোটের সময় বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে নিয়মিত যাননি রোহিত। তাই দীর্ঘ সময় মাঠে থাকার চাপ তিনি কতটা সামলাতে পারবেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

Advertisement

ওয়ানডে ক্রিকেটে টানা ৫০ ওভার মাঠে থাকতে হয়। সেখানে আইপিএলের মতো ইমপ্যাক্ট প্লেয়ারের সুযোগ নেই। সেই কারণেই শেষ সিদ্ধান্ত নেবে বোর্ডই। এদিকে চলতি আইপিএলে এখনও মোটামুটি ছন্দেই রয়েছেন হিটম্যান। তবে বড় ইনিংসের অভাব চোখে পড়েছে। তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স প্লেঅফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.