BCCI on Ajit Agarkar

আগরকরের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা! ‘সিদ্ধান্ত ১৫ দিনের মধ্যে’, জানালেন বিসিসিআই সচিব

আর কী বলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২১:৫৯

options
link
আগরকরের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা! ‘সিদ্ধান্ত ১৫ দিনের মধ্যে’, জানালেন বিসিসিআই সচিব
গৌতম গম্ভীর ও শুভমান গিলের সঙ্গে অজিত আগরকর।

অজিত আগরকরই কি থাকছেন ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান? নাকি তাঁর চেয়ারে বসবেন নতুন কেউ? শুক্রবারও সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন, আগরকরের (Ajit Agarkar) বর্তমান মেয়াদ শেষ হতে এখনও ১৫ দিন বাকি। তাই এখনই কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই।

Advertisement

শুক্রবার সরগরম হতে পারে বোর্ডের বার্ষিক সভা, এমন পূর্বাভাস ছিল। তা হল, জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকরের মেয়াদ। দেখতে গেলে, ৪ অক্টোবর নির্বাচক প্রধান হিসেবে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগরকরের। মাঝে শোনা গিয়েছিল, আগামী বছর যেহেতু ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, তাই আগরকরের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা না-ও হতে পারে। যদিও বিসিসিআই সচিব সে ব্যাপারে কিছু খোলসা করেননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুম্বইয়ে বিসিসিআইয়ের ৯৫তম বার্ষিক সভার পর সাইকিয়া বলেন, “আমাদের হাতে এখনও ১৫ দিন সময় রয়েছে। ক্রিকেটের দুনিয়ায় ১৫ দিন অনেকটা সময়। সময় হলে আমরা সিদ্ধান্ত নেব। যথাসময়ে আপনাদের জানিয়েও দেওয়া হবে। তবে আজ কোনও ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি।” জল্পনা রয়েছে, আগরকর তাঁর শেষ দল নির্বাচনী বৈঠক করে ফেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এবং আগরকরের পরিবর্ত হিসাবে নাকি দু’টো নামও ইতিমধ্যে ভেবে ফেলা হয়ে গিয়েছে। তাঁরা, প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল। এবং প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। এঁদের দু’জনের মধ্যে একজন নাকি জাতীয় নির্বাচক প্রধান হয়ে যেতে পারেন।

Advertisement
শুক্রবার মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সভায় বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-সভাপতি রাজীব শুক্লা-সহ অন্যান্য কর্মকর্তারা। ছবি: বিসিসিআই

আগরকরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয় চলতি মাসের গোড়ায় বিসিসিআইয়ের এক বৈঠকে তাঁর অনুপস্থিতিকে কেন্দ্র করে। যদিও তখন সাইকিয়া জানিয়েছিলেন, খুব অল্প সময়ের নোটিসে বৈঠক ডাকা হয়েছিল। আগরকর শহরের বাইরে ছিলেন। তবে ভার্চুয়ালিও তিনি উপস্থিত ছিলেন না। আসলে নির্বাচক প্রধান থাকালীন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির প্রায়ই লেগে যেত বলে শোনা যায়। ভারতীয় ক্রিকেটমহলের জল্পনা ধরলে, গত ইংল্যান্ড সফরের সময় নাকি এক জাতীয় নির্বাচক রোহিতকে বলে দিয়েছিলেন, টিম এবার সামনে তাকাতে চায়। লর্ডস ওয়ানডে-র পর তাঁরা রোহিতকে অবসর নেওয়ারও পরামর্শ দেন। কিন্তু সেই ওয়ান ডে-তেই দুর্ধর্ষ সেঞ্চুরি করে দেন রোহিত। পরে এটাও জানা যায় যে, নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের ভোট রোহিতেরই দিকে। অনেকেই দেখতে উদগ্রীব, রোহিতকে নিয়ে অহেতুক ‘খোঁচাখুঁচি’-ই আগরকরের নির্বাচক কেরিয়ারের যবনিকা পতন ঘটায় কি না?

অন্যদিকে, নতুন জুনিয়র নির্বাচক কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বিসিসিআই। পাঁচটি পদের জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন সাইকিয়া। ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সাক্ষাৎকার পর্ব শেষ হলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। বিসিসিআই সচিবের কথায়, “জুনিয়র নির্বাচক কমিটির জন্য আমরা প্রচুর আবেদন পেয়েছি। সেগুলি আমাদের ক্রিকেট কমিটির কাছে পাঠানো হবে। তাঁরাই নির্বাচকদের বেছে নেওয়ার দায়িত্বে থাকবেন। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমরা এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা করব।” তবে এই মুহূর্তে আগরকরের ভবিষ্যৎ নিয়ে সরগরম ভারতীয় বোর্ডের অন্দর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.