Vaibhav Sooryavanshi

টি-২০তে সুপারস্টার, টেস্টে সফল হওয়ার ক্ষমতা আছে বৈভবের? বড় ভবিষ্যদ্বাণী ‘গুরু’ দ্রাবিড়ের

টি-টোয়েন্টিতে সাফল্যের পর ঘরোয়া দলীপ ট্রফিতে সহ-অধিনায়ক করা হয়েছে ১৫ বছর বয়সি ক্রিকেটারকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৪:০৭

options
link
টি-২০তে সুপারস্টার, টেস্টে সফল হওয়ার ক্ষমতা আছে বৈভবের? বড় ভবিষ্যদ্বাণী ‘গুরু’ দ্রাবিড়ের
বৈভব সূর্যবংশী ও রাহুল দ্রাবিড়।

টি-টোয়েন্টিতে ইতিমধ্যে মাতিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী। সেটা আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট। যদিও বলা হয়, ক্রিকেটারের আসল পরীক্ষা হয় লাল বলের ক্রিকেটে। বৈভবের মারকুটে ব্যাটিংয়ের ধরন দেখে অনেকেই সংশয়ে, আদৌ টেস্টে সফল হতে পারবে ১৫ বছর বয়সি ক্রিকেটার? এবার সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। যাঁর ‘জহুরির চোখে’ বৈভবকে নিলামে কোটি টাকা দিয়ে কিনেছিল রাজস্থানে রয়্যালস।

Advertisement

দ্রাবিড় বলছেন, “আশা করব, সাদা বলে ও যেরকম খেলছে, একদিন লাল বলেও সেরকমই খেলবে। ভারতের হয়েও খেলবে। আর সেটা হলে বিশ্ব ক্রিকেটের জন্য দারুণ ঘটনা হবে। আমার মনে হয়, বৈভব সেই ভারসাম্য খুঁজে পাবে। আইপিএলে খেলে সাদা বলে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করেছে। সবচেয়ে ভালো কথা, ও ঘরোয়া ক্রিকেটে লাল বলে খেলাও সমান গুরুত্ব দিচ্ছে। হয়তো একটু সময় লাগবে। একটু ধৈর্য ধরতে হবে। শুরুতে সফল হয়েছে। তবে জীবনে উত্থানপতন আসবেই। ওর বয়স মাত্র ১৫।”

Advertisement

রাজস্থান রয়্যালসে বৈভবের কোচ ছিলেন দ্রাবিড়। তাঁর সংযোজন, “বৈভবকে অনেক দূর যেতে হবে। সাফল্য পাবে, ব্যর্থতাও আসবে। ও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারত। তার বদলে দক্ষতা বাড়াতে ভারতে লাল বলে খেলছে। আমরা সবাই চাই টেস্ট ক্রিকেট টিকে থাকুক। আর তার জন্য সব ফরম্যাটে খেলার জন্য বৈভবের মতো ক্রিকেটার প্রয়োজন।”

Advertisement

আসলে কিছুদিন আগেই বড় দায়িত্ব পেয়েছে বৈভব। ১৫ বছর বয়সেই পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে। তারকাদের পিছনে ফেলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বৈভবকে। অর্থাৎ বৈভবকে শুধু টি-টোয়েন্টি নয়, আরও বড় দায়িত্বে দেখতে চায় বোর্ড। এমনকী ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও তাকে দেখা হচ্ছে। সাদা বলে বৈভব ইতিমধ্যে সফল। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বৈভবের মোট রান ১৫১। গড় ৫০.৩৩। এর মধ্যে দু’টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৮১।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.