Virat Kohli

বিজয় হাজারেতে কি ফের দিল্লির জার্সিতে বিরাট? দিল্লি সভাপতির কথায় জল্পনা

বিশ্বকাপের আগে নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটে থাকা তাঁর জন্য গুরুত্বপূর্ণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৭:৫৭

options
link
বিজয় হাজারেতে কি ফের দিল্লির জার্সিতে বিরাট? দিল্লি সভাপতির কথায় জল্পনা
বিজয় হাজারেতে বিরাট কোহলি। ফাইল ছবি।

চলতি মরশুমের বিজয় হাজারে ট্রফিতে কি আবার দিল্লির জার্সিতে দেখা যাবে বিরাট কোহলিকে? এই ব্যাপারে এখনও কিছু নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির মন্তব্যে নতুন করে জল্পনার উদ্রেক।

Advertisement

গত মরশুমেই ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরেছিলেন বিরাট। ইংল্যান্ড সফরের প্রস্তুতির কথা মাথায় রেখেই দিল্লির হয়ে প্রতিযোগিতায় নেমেছিলেন তিনি। যদিও পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন বিরাট। শেষ পর্যন্ত ২০২৫-২৬ মরশুমে দিল্লির হয়ে দু’টি ম্যাচ খেলেছিলেন তিনি। এবারও কি সেই ছবির পুনরাবৃত্তি হবে? আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি বলেন, “দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন বিরাটের নিজের ঘরের ক্রিকেট সংস্থা। তাই ওকে স্বাগত জানাতে আমাদের কোনও দ্বিধা নেই। এই রাজ্য যেমন আমার, তেমনই বিরাটেরও। দিল্লির হয়ে খেলার ব্যাপারে ওর দায়বদ্ধতা বরাবরই অসাধারণ। নিজের ব্যস্ত সূচির মধ্যে যখনই সময় বের করে খেলার জন্য তৈরি থাকবে, আমরা আশা করব ও আবার দিল্লির হয়ে মাঠে নামবে।”

Advertisement

গত মরশুমে বিজয় হাজারেতে মাত্র দু’টি ম্যাচ খেলেই নিজের জাত চিনিয়েছিলেন বিরাট। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১০১ বলে ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। পরের ম্যাচে গুজরাটের বিরুদ্ধেও ৬১ বলে ৭৭ রান করে বুঝিয়ে দিয়েছিলেন, প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনও নিজেকে সরিয়ে নেওয়ার কোনও প্রশ্ন নেই। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধুই ওয়ানডে ফরম্যাটে দেখা যায় বিরাটকে।

এখন তাঁর পাখির চোখ আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ। ফলে বিশ্বকাপের আগে নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটে থাকা তাঁর জন্য গুরুত্বপূর্ণ। গত বছর বিসিসিআই জানিয়েছিল, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটও খেলতে হবে। সেই নির্দেশ মেনে গত মরশুমে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যায়। এখন দেখার, ঐতিহ্যবাহী এই ট্রফিতে আদৌ তাঁদের দেখা যায় কিনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.