নতুন মরশুমে ভারতীয় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে বদল আসতে পারে। এতদিন কোন ক্রিকেটার কোন ফরম্যাটে খেলছেন, তাঁর পারফরম্যান্স কেমন, মূলত সেই বিষয়গুলির উপর নির্ভর করেই কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করত ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার তার সঙ্গে যোগ হতে চলেছে আরও একটি শর্ত।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী মরশুমে কোন ক্রিকেটার কতগুলি ম্যাচ খেলবেন, তার উপরও নির্ভর করবে কেন্দ্রীয় চুক্তিতে তাঁর জায়গা পাওয়ার বিষয়টি। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলা বাধ্যতামূলক হতে পারে। সেই ন্যূনতম যোগ্যতামান পূরণ করতে না পারলে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা নাও মিলতে পারে। সেক্ষেত্রে আগামী মরশুমের মোট ম্যাচের একটি নির্দিষ্ট শতাংশ ম্যাচ খেলতেই হবে। যদিও সেই সংখ্যাটা কত, তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের অন্দরে প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
কেন এমন ভাবনা? সাম্প্রতিক সময়ে চোটের কারণে একাধিক ভারতীয় ক্রিকেটার দীর্ঘ সময় মাঠের বাইরে থেকেছেন। অথচ তাঁরা কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। অন্যদিকে, তাঁদের অনুপস্থিতিতে নিয়মিত খেলেছেন এমন কয়েকজন ক্রিকেটার এখনও সেই চুক্তির আওতায় আসেননি। এই পরিস্থিতিই নতুন করে ভাবাচ্ছে বোর্ড কর্তাদের। বোর্ডের ভাবনায়, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নিজেদের ফিটনেসের দিকে আরও বেশি নজর দিতে হবে। শুধু পারফরম্যান্স নয়, দলের প্রয়োজনে একজন ক্রিকেটারকে কতটা পাওয়া যাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বোর্ডের এক সূত্রের কথায়, “এই বিষয়টি নিয়ে প্রাথমিক ভাবে আলোচনা শুরু হয়েছে। পরের বার কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরির সময় ক্রিকেটারদের কতটা পাওয়া যাবে, সেটিও গুরুত্ব দিয়ে দেখা হবে। তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ন্যূনতম সংখ্যক ম্যাচে খেলতে হবে।” তবে এখনও এই প্রস্তাব প্রাথমিক পর্যায়েই রয়েছে। বোর্ডের তরফে কোনও চূড়ান্ত নির্দেশিকা জারি হয়নি। ফলে আগামী মরশুমে কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে ম্যাচ খেলার এই শর্ত ঠিক কীভাবে কার্যকর হবে, তা জানতে অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেহরক্ষী শেরাপুত্রের ‘গডফাদার’ সলমন! কোন ছবিতে অভিষেক আবিরের?
-
গণতন্ত্রে বিশেষ রাজনৈতিক মতবাদের গুরুত্ব ক্ষতিকারক
-
বাংলাদেশ আছে বাংলাদেশেই! দীপু দাসের পর ময়মনসিংহে মাদক বিরোধী কর্মীকে পুড়িয়ে ‘হত্যা’
-
শিলিগুড়ির পর বসিরহাট, মোবাইলের টাওয়ারে উঠে পড়লেন ‘মদ্যপ’ যুবক, তারপর…
-
বুক চিড়ে শেহনাজের মুখের ট্যাটু, ভক্তের কীর্তিতে হতবাক অভিনেত্রী, ভাইরাল ভিডিও