সুপার সিক্সের শুরু থেকেই যে দাবি করে আসছিল মোহনবাগান, শেষ পর্যন্ত তাতেই সিলমোহর। কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ দিনে তিনটি ম্যাচই শুরু হবে একই সময়ে। ফলে বৃহস্পতিবার মোহনবাগান ও মহমেডানের যে ম্যাচ হওয়ার কথা ছিল, তা পিছিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নতুন সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে দুপুর ৩টে থেকে মুখোমুখি হবে মোহনবাগান ও মহমেডান। মঙ্গলবার বারাসত স্টেডিয়াম পরিদর্শনে যান আইএফএ কর্তারা। পুলিশের অনুমতির জন্যও যোগাযোগ করা হয়। রাতেই ম্যাচ আয়োজনের অনুমতি মেলে। গণেশ পুজোর কারণে ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ বারাসত থেকে কল্যাণীতে সরিয়ে নিতে হলেও মোহনবাগান-মহমেডান ম্যাচের ক্ষেত্রে সেই সমস্যা হচ্ছে না।
শনিবার একই সময়ে ইস্টবেঙ্গল মাঠে খেলবে ইস্টবেঙ্গল ও কোল ইন্ডিয়া। ভবানীপুর ও ইউনাইটেড স্পোর্টসের ম্যাচটি হওয়ার কথা ছিল বারাসতে। সেটি সরিয়ে দেওয়া হয়েছে ব্যারাকপুরে। অর্থাৎ ১৯ সেপ্টেম্বর বিকেল ৩টেয় একই সঙ্গে মাঠে নামবে ছয় দল। এবার অবশ্য গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সে যোগ হচ্ছে না। ফলে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের তিন ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় যে দল শীর্ষে থাকবে, তার হাতেই উঠবে ট্রফি।
এই মুহূর্তে মোহনবাগান ও মহমেডান দু’দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। দু’দলই একটি করে ম্যাচ জিতেছে এবং একটি করে ড্র করেছে। ইস্টবেঙ্গল দু’টি ম্যাচই ড্র করে পেয়েছে ২ পয়েন্ট। মোহনবাগান-মহমেডান ম্যাচ ড্র হলে দু’দলের পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলেরও সুযোগ থাকবে। কোল ইন্ডিয়াকে হারিয়ে তাদের ৫ পয়েন্টে যেতে হবে। তখন গোলপার্থক্যই হয়ে উঠতে পারে চ্যাম্পিয়ন নির্ধারণের বড় মাপকাঠি। পাঁচ গোল বা তার বেশি ব্যবধানে জিততে পারলে ইস্টবেঙ্গলের সামনে খুলে যেতে পারে ট্রফির দরজা।
তবে হিসাব এখানেই শেষ নয়। ২ পয়েন্টে থাকা ইউনাইটেড স্পোর্টস এখনও লড়াইয়ে রয়েছে। ভবানীপুরের সংগ্রহ ৩ পয়েন্ট। মিনি ডার্বি ড্র হলে এবং ইস্টবেঙ্গল জিতলে তিন প্রধানেরই পয়েন্ট হবে ৫। সেই পরিস্থিতিতে ভবানীপুর ইউনাইটেড স্পোর্টসকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। অর্থাৎ শেষ ম্যাচের আগে ছবিটা বেশ পরিষ্কার। কোল ইন্ডিয়া ছাড়া সুপার সিক্সের বাকি পাঁচ দলের কাছেই রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার অঙ্ক। শেষ দিনে তিন মাঠে একসঙ্গে শুরু হওয়া তিন ম্যাচেই তাই নজর থাকবে কলকাতা ময়দানের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে আলো জ্বালিয়ে ঘুম! জানেন, হার্টের জন্য কতটা বিপজ্জনক এই অভ্যাস?
-
৩০০রও বেশি ছবি, দাদাসাহেব ফালকে পাচ্ছেন কন্নড় কিংবদন্তি, শুভেচ্ছা মোদির
-
‘গণতন্ত্রের পরিহাস’, জয়ী বিধায়কদের দলত্যাগে ক্ষুব্ধ হাই কোর্ট, কমিশনকে কড়া নিয়ম আনার বার্তা
-
দেবরাজের ‘দুর্নীতি’র টাকা সরাসরি অভিষেকের সংস্থায়! তৃতীয় চার্জশিট বিস্ফোরক দাবি পুলিশের
-
ভারতীয় রণতরীতে জোর ধাক্কা! কী উদ্দেশ্যে ছিল পাক যুদ্ধজাহাজের? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য