Asian Games

‘লড়াই আমার রক্তে’, মিক্সড মার্শাল আর্টে এশিয়াডে নামছেন মোদির বাঙালি উপদেষ্টার ছেলে

গেমসে সুযোগ পাওয়া ক্রীড়াবিদদের প্রাথমিক তালিকায় নাম ছিল না বরুণের। এরপর সংযোজিত তালিকায় ঠাঁই পেয়েছেন তিনি।

শিলাজিৎ সরকার
শিলাজিৎ সরকার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৪:৩৫

options
link
‘লড়াই আমার রক্তে’, মিক্সড মার্শাল আর্টে এশিয়াডে নামছেন মোদির বাঙালি উপদেষ্টার ছেলে
বরুণ সান্যাল। ফাইল ছবি।

সাম্প্রতিক সময়ে কৃতী বাঙালির তালিকা তৈরি করলে সঞ্জীব সান্যালের নামটা উপরের সারিতেই থাকবে। প্রখ্যাত বাঙালি অর্থনীতিবিদ বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য। অবশ্য এই প্রতিবেদনের কেন্দ্রে সঞ্জীব নন, আছেন তাঁর পুত্র বরুণ সান্যাল। যিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন আসন্ন এশিয়ান গেমসে। সম্প্রতি তাঁর জাপান-যাত্রায় সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

Advertisement

কোন খেলায় অংশ নেবেন বরুণ? সেখানেই চমক। বরুণ এশিয়ান গেমসে অংশ নেবেন মিক্সড মার্শাল আর্ট বা এমএমএ ইভেন্টে। এবারই প্রতিযোগিতায় যোগ হয়েছে এই খেলা। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে সেখানে প্রতিনিধিত্ব করবেন বরুণ। আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতার সুবাদে এমএমএ এখন খেলা হিসেবে অনেকটাই পরিচিত ভারতীয়দের কাছে। কিন্তু জনপ্রিয় নয় তেমন। অন্তত জুডো-ক্যারাটের মতো অন্য মার্শাল আর্টের নিরিখে। ফলে বরুণের মিক্সড মার্শাল আর্টিস্ট হওয়াটা বেশ অভিনব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে বংশলতিকায় চোখ রাখলে তাঁর কমব্যাট স্পোর্টসে নাম লেখানোকে ‘সাধারণ’ বিষয়ই মনে হতে বাধ্য। বরুণের পূর্বপুরুষ শচীন্দ্রনাথ সান্যাল শহীদ হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। ব্রিটিশ-বিরোধী সশস্ত্র লড়াইয়ের সংগঠন ‘হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে’র অন্যতম এই প্রতিষ্ঠাতাকে ভগৎ সিং ও চন্দ্রশেখর আজাদের মতো বিপ্লবীর ‘মেন্টর’ হিসেবেও গণ্য করা হয়। এমন বংশের উত্তরপুরুষ হওয়াই যেন বরুণকে অনুপ্রেরণা দিয়েছে মিক্সড মার্শাল আর্টিস্ট হওয়ায়। তিনি নিজেও বলেন সে কথা। “আমি এমএমএ বেছে নিয়েছি, কারণ লড়াই আমার রক্তে রয়েছে। সাধারণভাবে ভারতীয়দের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবীর মতো পেশায় দেখা যায়। কিন্তু সবাই ভুলে গিয়েছে, আমরা ঐতিহ্যগত ভাবে যোদ্ধা। যুগের পর যুগ ধরে বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা মাতৃভূমিকে রক্ষা করছি। সে জন্যই আমি লড়াই করি। কারণ এর ফলে আমি নিজের শিকড়ের কাছে ফেরার সুযোগ পাই”, অতীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন বরুণ। সঙ্গে জুড়েছিলেন, “জীবনে সাংস্কৃতিক ও সামাজিক প্রত্যাশা পূরণ করা সহজ বিষয় নয়। তবে আমি শুরু থেকেই অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। তাই কিছুটা আগ্রাসী এই খেলা বেছে নিয়েছি। অনেকেই লড়াই করে অর্থ-খ্যাতির জন্য। আমি লড়াই করি রক্তের টান থেকে।” পুরুষদের ট্র্যাডিশনাল এমএমএ-র ৭৭ কেজি ক্যাটেগরিতে অংশ নেবেন বরুণ। যা শুরু হবে ২০ সেপ্টেম্বর, নাগোয়ার ইনায়ি স্পোর্টস সেন্টারে।

Advertisement

এশিয়ান গেমসে সুযোগ পাওয়া ক্রীড়াবিদদের প্রাথমিক তালিকায় নাম ছিল না বরুণের। এরপর সংযোজিত তালিকায় ঠাঁই পেয়েছেন তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো খেলার সুবাদে এই সুযোগ পেয়েছেন বরুণ। দেশের মাটিতে ২০২২ পশ্চিমাঞ্চল চ্যাম্পিয়নশিপ এবং ২০২৩ ও ২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তিনি। এ বছরের শুরুতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পান তিনি। প্রতিযোগিতার ২০২২ সালের সংস্করণে কোয়ার্টার ফাইনালেও উঠেছিলেন। খেলেছেন ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। মূলত লন্ডন ও সিঙ্গাপুরে অনুশীলন করেন বরুণ। আপাতত বিদেশেই সারছেন এশিয়াডের প্রস্তুতি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.