West Bengal Assembly Election

ফের বিজেপিতে প্রার্থী-অসন্তোষ, পদত্যাগপত্র নিয়ে কার্যালয় এসে ভাঙচুর বিক্ষুব্ধদের

প্রার্থী বদল না হলে বুথ, মণ্ডল সভাপতি-সহ দলের প্রায় ৩০০ জন সদস্য পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৭:২২

options
link
ফের বিজেপিতে প্রার্থী-অসন্তোষ, পদত্যাগপত্র নিয়ে কার্যালয় এসে ভাঙচুর বিক্ষুব্ধদের
খড়্গপুরে বিজেপির জেলা পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর বিক্ষোভকারীদের।

ফের ‘সংগঠনের বাইরের লোক’কে প্রার্থী করায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিক্ষোভের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নারায়ণগড়। প্রার্থী বদল না হলে বুথ, মণ্ডল সভাপতি-সহ দলের প্রায় ৩০০ জন সদস্য পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন তাঁরা। শনিবার মিছিল করে এসে খড়্গপুরে বিজেপির জেলা পার্টি অফিসে এসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এরপর সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। জেলা সভাপতি না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, পদত্যাগপত্র নিয়ে তাঁরা এখানে এসেছেন। অবিলম্বে প্রার্থী বদল করা না হলে তাঁরা সকলে ইস্তফা দেবেন।

Advertisement

রমাপ্রসাদ গিরির বিরুদ্ধে অভিযোগ, তিনি তৃণমূল কংগ্রেস থেকে আসা লোকজনকে নিয়ে ভোটের কাজ করছেন। দলের পুরনো লোকজনের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি বিক্ষোভকারীদের অভিযোগ, তিনি সংগঠনের সঙ্গে যুক্ত নন। এরকম একজনকে প্রার্থী করায় ভোটবাক্সে তার প্রভাব পড়বে। প্রার্থী হিসেবে নিজেদের পছন্দ ইতিমধ্যেই জেলা নেতৃত্বকে জানিয়েছেন তাঁরা। কিন্তু কোনও সুরাহা না হওয়ায় সদলবলে পার্টি অফিসে এসে চেয়ার টেবিল, সিসিটিভি ভাঙচুর করা হয়। যদিও বিক্ষোভকারীরা কাকে প্রার্থী হিসেবে চান তা প্রকাশ্য তাঁরা বলতে চাননি। কিন্তু তাঁদের দাবি, বিজেপির যোগ্য নেতাকে প্রার্থী করা হোক।

Advertisement

মধ্য মণ্ডলের সম্পাদক প্রদীপ মণ্ডল বলেন, “প্রার্থী নিয়ে অসন্তোষের কথা জেলা ও রাজ্য স্তরের নেতাদের জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা না হওয়ায় পার্টি অফিসে আসতে বাধ্য হয়েছি। প্রার্থী ঘোষণা হওয়ার পর সংগঠনের সঙ্গে আলোচনা না করেই রমা গিরি কাজ করছেন। এর ফলে নারায়ণগড় বিধানসভার মানুষ রুষ্ট হয়েছে। প্রার্থী বদলানো না হলে সকলে একসঙ্গে পদত্যাগ করব। আমরা পদত্যাগপত্র লিখে নিয়ে এসেছি।” জেলা নেতৃত্ব জানিয়েছে, প্রার্থী অসন্তোষের বিষয়টি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে জানানো হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.