India sailor killed

জাহাজ লক্ষ্য করে ধেয়ে এল টর্পেডো! হরমুজের কাছে ফের মৃত্যু ভারতীয় নাবিকের

ওই জাহাজে ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা এক নাবিক। তাঁর মৃত্যুর খবর জানিয়েছে ওমানের ভারতীয় দূতাবাস। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২১:২০

options
link
জাহাজ লক্ষ্য করে ধেয়ে এল টর্পেডো! হরমুজের কাছে ফের মৃত্যু ভারতীয় নাবিকের
প্রতীকী ছবি

যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে ফের নিহত ভারতীয় নাবিক। জানা গিয়েছে, ওমান উপকূল দিয়ে ভারতের দিকে আসছিল জাহাজ। আচমকাই ওই জাহাজ লক্ষ্য করে আছড়ে পড়ে টর্পেডো হামলা। ওই জাহাজে ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা এক নাবিক। তাঁর মৃত্যুর খবর জানিয়েছে ওমানের ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, মার্চ মাস থেকে চলতে থাকা ইরান-আমেরিকা যুদ্ধের বলি হয়েছেন একাধিক ভারতীয় নাবিক। জাহাজে থাকাকালীন তাঁদের উপরে আছড়ে পড়েছে আক্রমণ।

Advertisement

বুধবার ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, হরমুজ প্রণালীর খুব কাছ থেকে ভারতের দিকে যাচ্ছিল এমভি কেপ দাও নামে একটি জাহাজ। সেসময়ে অন্তত দু’টি টর্পেডো আছড়ে পড়ে জাহাজটির উপর। আপাতত ওই জাহাজে থাকা একজন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর মিলেছে। সবমিলিয়ে ১৯ জন ভারতীয় নাবিক ওই জাহাজে ছিলেন। বাকিদের অবস্থা জানতে ওমান প্রশাসনের সঙ্গে ভারতীয় দূতাবাস যোগাযোগ রাখছে। মৃত নাবিকের পরিচয় অবশ্য ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নাবিকদের সংগঠন ‘ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন ওফ ইন্ডিয়া’র তরফ থেকে জানানো হয়, মৃত নাবিকের নাম সূরজ যাদব। উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা তিনি। ওই সংগঠনের দাবি ১৯ নয়, ২০ জন ভারতীয় নাবিক ছিলেন আক্রান্ত এমভি কেপ দাও জাহাজে। সবমিলিয়ে ২৮ জন নাবিক ওই জাহাজে ছিলেন। দু’টি টর্পেডো ওই জাহাজে আছড়ে পড়েছে। একটি আঘাত হানে সি-ডেক অ্যাকোমোডেশনের জায়গায়, অন্যটি ইঞ্জিন রুমের কাছের হালটিতে আঘাত করে, এমনটাই জানিয়েছে নাবিকদের সংগঠন।

Advertisement

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি। এর ফলে বিশ্বের জ্বালানির ধমনী হরমুজ প্রণালী অবরুদ্ধই রয়ে গিয়েছে। তবে অস্থির পরিস্থিতির মধ্যে ভারতমুখী ৬০টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করেছে। বিপজ্জনক উপসাগরীয় অঞ্চল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৩,৯৭২ জন ভারতীয় নাবিককে। কিন্তু ১০ জন নাবিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। এবার সেই তালিকায় যুক্ত হল আরেকটি নাম। তবে টর্পেডো হানায় আর কোনও ভারতীয়র মৃত্যু হয়েছে কিনা, এখনও জানা যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.