গত কয়েক সপ্তাহ তুচ্ছ ঘটনায় বাংলাদেশে একাধিক খুনের ঘটনা সামনে এসেছে। ভাইয়ের হাতে ভাই হত্যা, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, একই পরিবারের মা-মেয়েকে কুপিয়ে হত্যার মতো নৃশংস ঘটনাও সামনে এসেছে। এবার সিলেট জেলার জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সংঘর্ষে তুতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হলেন ২৮ বছরের আলম আহমদ। বুধবার (১ জুলাই) মধ্যরাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামের ঘটনা।
এদিকে রাজধানীর মহম্মদপুরের আদাবর থানার অন্তর্গত নবোদয় কাঁচাবাজার এলাকায় ব্রাজিলের খেলা দেখা নিয়ে তুমুল ঝামেলা হয়। মিমাংসা করতে সালিশ বৈঠক বসে। সেখানেই বিএনপি নেতা আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আরও একজন স্থানীয় বিএনপি নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নবোদয় কাঁচাবাজারের পাশে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবুল বাসার বাদশাকে প্রথমে শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, ঢাকার অদূরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিয়ে-বহির্ভূত সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জেরে গত সোমবার ৪১ বছরের জাহাঙ্গির আলম জনিকে গলা ও হাতের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নির বিরুদ্ধে। পুলিশ বলছে, খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়। একই দিন বরিশালের মুলাদিতে স্ত্রীর পরকীয়ার বিরোধিতা করায় কৃষক ৫৯ বছরের হারুন হাওলাদারকে হত্যার পর বাড়ির রান্নাঘরের পাশে মাটিচাপা দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত নিহতের স্ত্রী সেলিনা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গত সপ্তাহে লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকার একটি ভাড়া বাসায় শাহিনুর বেগম (৩৮) ও তার তিন মেয়ে সায়মা আক্তার (২১), ইকরা বেগম (১৭), সিপা আক্তারকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। এখন ওই পরিবারের একমাত্র সদস্য সিফাত বেঁচে আছে। পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত অন্তর মজুমদারকে (৩০) আটক করে গণপিটুনী দেন স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এছাড়াও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে রোকেয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজি ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে লেপ-তোশকে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও উত্তর জনপদ জেলা রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামে আম পাড়া কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নিহত হন। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন জখম হন।
পদ্মাপাড়ের জেলা শরিয়তপুরের গোসাইরহাট পৌরসভার মিত্রসেনপট্টিতে ছোট ভাই জুয়েল সরদারের লাঠির আঘাতে বড় ভাই আমির হোসেন সরদার (৪৫) নিহত হন। তারও আগে ১৩ জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে ঘরের ভেতরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত হন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। হামলায় গুরুতর আহত হয় পাঁচ বছরের শিশু পিয়াস বড়ুয়া। চট্টগ্রামের রাউজানে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আবদুল মান্নান সওদাগর (৩৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সর্বশেষ খবর
-
নীতি আয়োগের বৈঠককে সামনে রেখে বাংলার শিক্ষা খাতে বড়সড় রূপরেখা তৈরির প্রক্রিয়া শুরু
-
তৃণমূলের আসল দাবিকার কে? মমতা ও ঋতব্রতদের চিঠি কমিশনের, সোমবারের মধ্যেই জবাব তলব
-
স্বামীকে হত্যার মহড়ার স্থানে পুলিশের সঙ্গে সিয়া! রাজি লাই ডিটেক্টর টেস্টে বসতেও
-
ছোট বোনের পর এবার বিয়ের পিঁড়িতে কৃতী শ্যানন? ফাঁস করলেন ভগ্নিপতি
-
মধ্যমগ্রাম স্টেশনে আপাতত বন্ধ বুলডোজার অ্যাকশন! ডিভিশন বেঞ্চেও বহাল অন্তর্বর্তী স্থগিতাদেশ
