নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য পদের জন্য ৯০টি আবেদন জমা পড়ল। নজিরবিহীনভাবে এত সংখ্যক আবেদন জমা পড়ায় তা বাছাই করে প্যানেল তৈরি করতে হিমশিম অবস্থা সার্চ কমিটির। এদিকে, হাতে সময় রয়েছে আর মাত্র ৪৮ ঘণ্টা। এর মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য পদে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাবে কি না। তবে আচার্য তথা রাজ্যপালের এখনও পর্যন্ত সম্মতি না মেলায় ১০ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠান না হওয়ারই সম্ভাবনা রয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য খুঁজতে সার্চ কমিটির কার্যত মাথার ঘাম পায়ে পড়ছে। বুধবার পর্যন্ত প্যানেল তৈরি করতে পারেনি ওই কমিটি। আপাতত তিনজনের একটি প্যানেল তৈরি করে বৃহস্পতিবার অথবা শুক্রবারের মধ্যে তা পাঠানোর চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর। ওই প্যানেল দেখে রাজ্যপাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ফলে প্যানেলের দিকেই এখন তাকিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মী সহ শিক্ষা মহল।
[চরম দুঃসময় বামেদের! অর্থাভাবে দলীয় কার্যালয় ভাড়া দেওয়া হল প্রোমোটারকে]
এদিকে এই পরিস্থিতিতে ১০ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে না বলে ধরে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বর্তমান উপাচার্য অধ্যাপক সোমনাথ ঘোষের কার্যকাল সাময়িক বাড়ানো হতে পারে। আবার অন্য কাউকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে দায়িত্বও দেওয়া হতে পারে। কিন্তু শেষমেশ কী হবে, তা নিয়েই এখন বিশ্ববিদ্যালয়ের অন্দরে জোর জল্পনা।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য খুঁজতে তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে গঠিত হয়েছে সার্চ কমিটি। ওই কমিটির সদস্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালি বুধবার বলেন, ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ এ রাজ্য ছাড়াও পাঞ্জাব, হরিয়ানার মতো ভিন রাজ্য থেকেও উপাচার্য পদের জন্য আবেদন জমা পড়েছে। ৯০ জনের মতো আবেদনকারী রয়েছেন। এর মধ্যে সাতজন আবেদনকারী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েরই।’ আবেদনকারীদের তালিকায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য-সহ অনেকেই রয়েছেন বলে খবর। তাঁদের থেকে বাছাই করে এখন প্যানেল তৈরির চূড়ান্ত প্রস্তুতি চলছে। তবে এই সময়ের মধ্যে প্যানেল তৈরি করে তা সার্চ কমিটির কাছে পাঠানো সম্ভব কি না সেটাই এখন দেখার। আর এই প্রক্রিয়া শুক্রবারের মধ্যে করা না গেলে ১০ ফেব্রুয়ারির মধ্যে নয়া উপাচার্য নিয়োগ করা অসম্ভব হয়ে যাবে। কেননা, ১০ ফেব্রুয়ারি শনিবার। ফলে শুক্রবারের মধ্যেই প্যানেল আচার্য তথা রাজ্যপালের কাছে পাঠাতে চাইছে সার্চ কমিটি।
[জলদাপাড়ায় গন্ডার পাচারচক্রের হদিশ, গ্রেপ্তার এক শার্প শুটার-সহ ৬ চোরাকারবারী]
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ লক্ষ্মীকান্ত পাধিঁ বলেন, ‘যেহেতু বুধবার পর্যন্ত ১০ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠান নিয়ে আচার্যর সম্মতি তাঁদের হাতে আসেনি, তাই ওই অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছে বলেই ধরে নেওয়া হয়েছে।’ আচার্যর সম্মতির পরই এনিয়ে প্রস্তুতি শুরু হবে। সমাবর্তনের অনুষ্ঠানের মতোই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে এবার কাদের ডি-লিট, ডি-এসসি দেওয়া হবে তাও এখনও চূড়ান্ত হয়নি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য খুঁজতে গঠিত সার্চ কমিটিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভশঙ্কর সরকার, ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য বাসব চৌধুরি রয়েছেন।
সর্বশেষ খবর
-
রামমন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত, ট্রাস্টের শীর্ষপদে এবার কে?
-
‘কাস্তেটা শান দিও বন্ধু’, উচ্ছেদ-বিরোধিতা বড় অস্ত্র! বর্ধমানে ফের চাঙ্গা হচ্ছে সিপিএম
-
ভিক্ষুর আত্মাহুতি, জন্মদিনে দলাইকে মোদির শুভেচ্ছা, দিল্লির ‘তিব্বত চালে’ চাপে চিন!
-
‘আমার বাচ্চার মতোই যেন কষ্ট পায় শয়তানরা…’, ফুঁসে উঠলেন বারুইপুরের নির্যাতিতার মা
-
ছাতা হারানোর রোগ? কীভাবে সামলাবেন বর্ষার সঙ্গীকে, রইল ৫ অব্যর্থ উপায়