গৌতম ব্রহ্ম: অর্থ, খাদ্যের অভাব সইতে না পেরে যোগীরাজ্য থেকে সাইকেলেই ঘরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ১১ জন পরিযায়ী শ্রমিক। বাংলায় প্রবেশের পরও পিছু ছাড়ল না দুর্ভোগ। আসানসোল প্রবেশের মুখে ছিনতাইবাজের কবলে পড়ে খোয়া গেল সর্বস্ব। ছিল না খাওয়ার টাকাও। অবশেষে সাহায্যের হাত বাড়ালেন এক হ্যাম রেডিও অপারেটর।
দীর্ঘদিন ধরেই কানপুরে কর্মরত ছিলেন বাংলার এই ১১ জন পরিযায়ী শ্রমিক। আচমকা লকডাউন ঘোষণা হওয়ায় সেখানেই আটকে পড়েন তাঁরা। প্রথম কিছুদিন সমস্যা না হলেও কিছুটা সময় যেতেই শেষ হয় জমানো অর্থ। ফুরোয় খাবার। হন্যে হয়ে বাড়ি ফেরার উপায় খুঁজতে শুরু করেন তাঁরা। কিন্তু নাহ, কোনও সহযোগিতায় মেলেনি। অবশেষে দিন চারেক আগে সকলের কাছে পড়ে থাকা সামান্য কিছু টাকা সঙ্গে নিয়ে সাইকেলেই ঘরের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। কোনও রকমে কিছু খেয়ে আর রাতগুলো পেট্রোলপাম্পে কাটিয়ে বৃহস্পতিবার দুপুরে ৮০০ কিমি পথ পেরিয়ে আসানসোলের কাছাকাছি পৌঁছন তাঁরা। বাংলায় প্রবেশ করলেও বিপদ পিছু ছাড়েনি তাঁদের। এক ছিনতাইবাজের খপ্পরে পরে খোয়া যায় ওই শ্রমিকদের সঙ্গে থাকা সামান্য অর্থও। এবার আর খাওয়ার পয়সাটুকুও বেঁচে নেই। এই সময়ই সাক্ষাত দেবদূতের মতো তাঁদের সঙ্গে দেখা হয় হ্যাম রেডিও অপারেটর অরূপ ভট্টাচার্যের।

[আরও পড়ুন: ভিনরাজ্য থেকে নাগরিকদের ফেরাতে ১০৫টি ট্রেনের ব্যবস্থা হয়েছে, টুইট মুখ্যমন্ত্রীর]
তিনিই ভরপেট খাওয়ান শ্রমিকদের। এরপর কেক, বিস্কুট, জল-সহ বেশ কিছু খাদ্যসামগ্রী হাতে তুলে দিয়ে গন্তব্যের পথে এগিয়ে দেন। জানা গিয়েছে, দুবরাজপুর হয়ে এই শ্রমিকদের কেউ যাবেন মালদহের কালিয়াগঞ্জে, কেউ যাবেন বালুরঘাট, কেউ আবার হিলি। বাংলায় প্রবেশের পর যেন ঘরে ফেরার তাড়া কয়েকগুণ বেড়ে গিয়েছে ওই পরিযায়ী শ্রমিকদের। এ প্রসঙ্গে অরূপবাবু বলেন, “ওরা দুবরাজপুর হয়ে যাবেন। চেষ্টা করছি কোনও অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে পারলে দুবরাজপুরেই ওদের রাত্রিবাসের ব্যবস্থা করার।” শুধু এই ১১ জনই নয়, একটানা এই লকডাউনে হাজার হাজার মানুষ আটকে ভিনরাজ্য, এদের মতোই কেউ সাইকেলে, কেউ মোটরবাইকে, কেউ বা পায়ে হেঁটেই ঘরে ফেরার চেষ্টা করছেন। বিপদও হচ্ছে, কিন্তু উপায় নেই। তাই বিপদের পরোয়া না করেই ঘরের পথে পা বাড়াচ্ছেন পরিযায়ী শ্রমিকরা।
[আরও পড়ুন: কনভেন্ট শিক্ষিকার ঠাঁই আজ ফুটপাথে, লকডাউনে বদলে যাওয়া জীবনের করুণ কাহিনি]
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের