সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সংসারের অভাব কমাতে বাড়িতে না জানিয়েই চাকরিতে যোগ দিয়েছিলেন রাহুল। ভেবেছিলেন প্রথম দিন কাজ থেকে ফিরে সকলকে সুখবরটা দেবেন। কিন্তু তা আর হল না। নির্দিষ্ট সময়ে কাজ যোগ দিলেও বাড়ি ফেরা হল না তাঁর। কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, চলতি বছরেই উচ্চমাধ্যমিক পাশ করেছেন দুর্গাপুরের (Durgapur) ডিটিপিএস কলোনির বাসিন্দা রাহুল ঘোষ নামে ওই যুবক। দাদার রোজগারে কোনওরকমে তাঁদের সংসার চলত। তাই পরীক্ষার ফল বেরনোর পর থেকেই চাকরির খোঁজ শুরু করেন ওই যুবক। রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকের একটি কারখানায় কাজ পেয়েও যান তিনি। কিন্তু বাড়িতে বিষয়টি জানাননি রাহুল। ভেবেছিলেন বুধবার কাজে যোগ দেওয়ার পর বাড়ি ফিরে সবটা বলবেন। পরিকল্পনামাফিক এদিন কাজেও যান তিনি। কিন্তু সেখানেই ঘটে দুর্ঘটনা। প্রবল বৃষ্টির মধ্যে রঙের কাজ করতে গিয়ে কারখানার ভিতরই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় যুবকের।
[আরও পড়ুন: আরামবাগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার, পার্টি অফিস ভাঙচুর, এলাকায় পুলিশি টহল]
ছেলের মৃত্যুর খবর বাড়িতে আসার পর থেকে পরিবারের সদস্যদের চোখের জল যেন বাঁধ মানছে না। মৃতের মা কাজল ঘোষ কাঁদতে কাঁদতে বলে চলেছেন, ‘‘কোনওদিন কাজের জন্যে চাপ দিইনি ওকে। আমাদের কাউকে না বলে কেন কাজে গেল তাও বুঝলাম না। জানলে বাধা দিতাম ওকে।” প্রসঙ্গত, এদিন মৃত রাহুলের বাড়ি যান আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল। তিনি সমবেদনা জানানোর পাশাপাশি যুবকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
[আরও পড়ুন: সদ্যোজাতর মৃত্যুর প্রতিবাদে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর, ফের চিকিৎসককে মার পরিবারের]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের