চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: সমাবর্তন অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন ৩০০জন দেশি-বিদেশি প্রতিনিধি, রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর উপিস্থিতি নিয়ে কোনও সরকারি খবর না আসায় এখনও আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অতিথিদের ষোলোআনা বাঙালিয়ানায় আপ্যায়ণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার হোটেল পিয়ারলেসকে। তবে খাবারের আয়োজনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মাংসকে। ভাগাড় কাণ্ডের জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করেছেন অনেকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুধাংশু গুহ বলেন, অতিথিদের পদ থেকে মাংস বাদের কারণ ভাগাড় কাণ্ডও বটে আবার অন্য যুক্তিও রয়েছে। অনেকে মটন খান অনেকে আবার চিকেন। তাই মাংস রান্নাকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে দুই বাংলার আতিথেয়তায় মাছই হল শুভ ও জনপ্রিয় পদ। তাই চার রকমের মাছের পদ রাখা হয়েছে খাবারের মেনুতে। তিনি বলেন, যেহেতু অনুষ্ঠানটি দুপুরে হচ্ছে তাই অতিথিদের দুপুরের খাবারের বন্দোবস্ত করা হয়েছে। সুগন্ধি চালের ভাত, মুগডাল, দইপটল, পোস্তবড়ার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি, ডাব চিংড়ি, পাবদা ও ভেটকি মাছের পাতুড়ি রাখা হয়েছে খাবারের থালিতে। শেষ পাতে থাকছে দই-মিষ্টি।
[সৌজন্যের মোড়কে রাজনীতি? সমাবর্তন মঞ্চেও সরকারি প্রকল্পের গুণ গাইলেন প্রধানমন্ত্রী]
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী বলেন, রমজান মাসে রোজা চলায় শেখ হাসিনা ওই খাবার খাবেন কিনা তা জানা যায়নি। তবে আয়োজনের ত্রুটি রাখা হয়নি।। তিনি বলেন, যাঁরা রোজা পালন করছেন তাঁদের জন্য বিশেষ ফুড বাস্কেটের ব্যবস্থা থাকছে। যাতে অতিথিরা রোজা খোলার সময় ওই বাক্সটিকে ব্যবহার করতে পারেন। মূলত ড্রাই ফুড থাকবে ফুডবক্সে। বর্ধমানের মিহিদানা-সীতাভোগ, আমন্ড, বাদাম, কাজু, খেজুর, ও সরস ফলও থাকবে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতলে বিশেষ খাবারের ঘরের ব্যবস্থাও করা হয়েছে। এমনিতেই খোলনোলচে পালটে ফেলা হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ের। নতুন রং, নতুন মার্বেল, টাইলস বসানো হয়েছে বিল্ডিংজুড়ে। বহু রুমে বসানো হয়েছে এসি। জানা গিয়েছে, শেখ হাসিনাকে সম্বর্ধনা দেওয়ার সময় ফুলের তোড়া ও স্মারকের পাশাপাশি দেওয়া হবে রূপোর ক্যাসকেট ও জামদানি শাড়ি। শেখ হাসিনার জন্য বিশ্ববিদ্যালয় নতুন রেজিস্টার তৈরি হয়েছে। হস্তশিল্পের কারুকাজ করা সোনালি রঙের সেই রেজিস্টারে প্রথম পাতায় স্বাক্ষর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
[বাংলাদেশ ভবনের উদ্বোধনে স্মৃতিকাতর হাসিনা, বঙ্গবন্ধুর নামে ভবন গড়ার প্রস্তাব মমতার]
সর্বশেষ খবর
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি