সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন বাম জমানার ১০ বছরের মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। আগামী ২ জানুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস পেয়ে রীতিমতো বিস্মিত প্রাক্তন মন্ত্রী। ইতিমধ্যেই কমিশনকে পালটা চিঠি দিয়েছেন তিনি।
রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব চলছে। হিয়ারিংয়ে বহু বৃদ্ধ-বৃদ্ধা, বিশেষ ক্ষমতাসম্পন্ন নাগরিকও ডাক পাচ্ছেন। এর প্রতিবাদে সোচ্চার তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, বৃদ্ধদের এভাবে হেনস্তা বরদাস্ত করা হবে না। মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠিও দিয়েছে তৃণমূল। এসবের মাঝেই শুনানিতে ডাক পেলেন বাম আমলের ১০ বছরের মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। কমিশনের তরফে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে তাঁকে। যা পেয়ে প্রাক্তন মন্ত্রী বলছেন, “আমি অবাক।”

জানা গিয়েছে, নোটিস পাওয়ার পরই কমিশনকে পালটা চিঠি দিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি উল্লেখ করেছেন, কত বছর বিধায়ক ছিলেন তিনি। কতবছর মন্ত্রিত্ব করেছেন। কাউন্সিলর ও বরো কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। এপ্রসঙ্গে কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, তিনি এনুমারেশন ফর্মে যাবতীয় নথি জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও কেন নোটিস, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী। তবে কান্তিবাবু জানিয়েছেন তিনি নির্ধারিত দিনে হাজিরা দেবেন। প্রসঙ্গত, বাম সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পেরিয়েছে প্রায় ১৫ বছর। কিন্তু কান্তি গঙ্গোপাধ্যায় বদলাননি। আজও সুন্দরবন, রায়দিঘিতে যে কোনও বিপর্যয়ে ছুটে যান তিনি। তাই সকলে বলেন, ‘ঝড়ের আগে কান্তি আসে…।’
সর্বশেষ খবর
-
‘পশ্চিমবঙ্গে ডিম এখন খুব সস্তা’, চড়া সুর যশের, বিজেপি ক্ষমতায় আসতেই ‘জেগে উঠলেন’?
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা