সংবাদ প্রতিদিন ব্যুরো: নিম্নচাপ অক্ষরেখা ও সক্রিয় মৌসুমি বায়ুর যুগলবন্দিতে শুক্রবার রাত থেকেই বৃষ্টি নেমেছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। বৃষ্টি চলছে কমবেশি দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতা ও শহরতলিতে শনিবার সকাল থেকেই একনাগাড়ে চলছে বৃষ্টি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বর্ষণের জেরে শিকেয় উঠেছে গণপরিবহণ ব্যবস্থা। পূর্ব রেলওয়ের শিয়ালদহ ও হাওড়া শাখায় টানা বৃষ্টিতে ব্যাহত রেল চলাচল। একই অবস্থা রাস্তাঘাটেও। কলকাতায় অধিকাংশ এলাকায় হাঁটু সমান জল জমে বিপর্যস্ত জনজীবন। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। যানজটে স্তবব্ধ শহরের রাজপথ। শহরতলি ও কলকাতা-সংলগ্ন জেলাগুলিতে আরও ভয়াবহ অবস্থা মুষলধারে বৃষ্টিতে। উত্তরবঙ্গ আবার নতুন করে মুষলধারে বর্ষণ শুরু হয়েছে। ভুটান ও সিকিমের পাহাড়ে ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে। রবিবারও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির উন্নতি হল না শনিবারও৷ শুক্রবার রাত থেকে টানা বৃষ্টিতে নতুন করে জলমগ্ন হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা জলের তলায়৷ জল বাড়ছে কালজানি, তিস্তা, রায়ডাক, মহানন্দা, বালাসন, করলা, ডিমা, মানসাই-সহ উত্তরের অন্য নদীগুলিতেও৷ দার্জিলিংয়ের লেবং কার্ট রোডে ধস নেমে লেবং-দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে৷ বেশ কিছু বাড়িতে ফাটলও দেখা দিয়েছে৷ বৃষ্টি মাথায় করে ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন বাসিন্দারা৷ জলপাইগুড়িতে ভেজা রাস্তায় উল্টে যায় একটি মিনিবাস৷ আহত একাধিক৷ ঘটনায় বৃষ্টির মধ্যেই পথ অবরোধ ঝা মোড় এলাকায়৷ এনজেপি থেকে ডুয়ার্স, অসমগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে৷ বহু ট্রেন এখনও দাঁড়িয়ে৷ শুক্রবার সিকিম-বাংলা সীমান্তের রংপোতে তিস্তায় তলিয়ে যায় আইআরবির একটি জিপ৷ নিখোঁজ তিনজনের কারও খোঁজ মেলেনি৷

শুক্রবার রাত থেকে শিলিগুড়িতে একশো মিলিমিটার, কোচবিহারে ২৩৩ মিলিমিটার, আলিপুরদুয়ারে ২৯৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে৷ আলিপুরদুয়ারে অধিকাংশ ওয়ার্ড জলের তলায়৷ বৃষ্টি না কমায় জল সরতে পারেনি৷ নদীতেও জল বেশি থাকায় স্লুইস গেট খোলা যায়নি এদিনও৷ ফলে জল নামবে কবে, কেউ জানে না৷ কোচবিহারে তুফানগঞ্জ এলাকায় জল দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন এলাকায়৷ এদিনও সকালে জেলার আঠাশটি ত্রাণ শিবির থেকে শুকনো খাবার বিলি করা হয়েছে৷ কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা বলেন, “বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক৷ প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচেছ পরিস্হিতি সামাল দেওয়ার৷ কণ্ট্রোল রুম খোলা হয়েছে৷” শিলিগুড়িতে মহানন্দা, বালাসনে জল বাড়ায় নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে৷ মাটিগাড়া এলাকায় বালাসনে কয়েক জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে৷ রাতভর ঝড়ে শহরের একাধিক জায়গায় বড় গাছ পড়ে গিয়ে বিদ্যুৎহীন হয়ে রয়েছে শহর৷ জলপাইগুড়ির পাণ্ডাপাড়া, নেতাজিপাড়া, নিচমাঠ এলাকা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন৷ গজলডোবা এলাকায় তিস্তায় ভাঙন অব্যাহত৷
সর্বশেষ খবর
-
আলিপুরদুয়ারে পূর্ণবয়স্ক হাতির রহস্যমৃত্যু! সেবকে ব্রেক কষে দাঁতালের দল বাঁচালেন ট্রেন চালক
-
শুধু তোমাকেই চাই! ১৫০০ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় চড়ে বাগদান যুগলের, তারপর?
-
বর্ষায় চিটচিটে ত্বক, ঝঞ্ঝাটে ফেলছে ব্রণ! সিরাম নয়, বাছুন সঠিক ফেসওয়াশ
-
একই প্রাতরাশ সবার জন্য নয়! বাচ্চা থেকে বয়স্ক, কী খাবেন, বাতলে দিলেন পুষ্টিবিদ
-
রথযাত্রায় পুরী যাবেন? ভক্তদের জন্য বিশেষ ট্রেন ঘোষণা পূর্ব রেলের