বিক্রম রায়, কোচবিহার: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে চড়ছে উত্তেজনার পারদ৷ সামনে আসছে ছোট,বড় নানা অশান্তির খবর৷ কোচবিহারে বাম প্রার্থীর প্রচার সভায় মঞ্চ ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ এই ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী জখমও হয়েছে৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ কোচবিহারের তুফানগঞ্জ থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে৷
[ আরও পড়ুন: মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় ভোটপ্রচারে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে]
ভোট ঘোষণার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন৷ জায়গায় জায়গায় চলছে প্রচার মিছিল, দলীয় নেতাকর্মীদের সভা৷ শনিবার সন্ধেয় কোচবিহারের তুফানগঞ্জের দেওচড়াইতে বাম প্রার্থী গোবিন্দ রায়ের সমর্থনে একটি প্রচার সভার আয়োজন করা হয়েছিল৷ বেশ ভিড়ও হয়েছিল ওই সভায়৷ তখনও বাম প্রার্থী নিজে সভায় উপস্থিত হননি৷ তাই সভার আয়োজকরাই বক্তৃতা দিতে শুরু করেন৷ অভিযোগ, সভা চলাকালীন বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছায়৷ সভা তখনই বন্ধ করে দেওয়া হুমকি দিতে থাকে ওই দুষ্কৃতীরা৷ তবে তাতে বাম নেতাকর্মীরা কান দেননি৷ অভিযোগ, এরপরই বাম নেতাকর্মীদের দিকে তেড়ে আসে তারা৷ সভা মঞ্চে ব্যাপক ভাঙচুর চালাতে শুরু করে৷ বাধা দিতে এগিয়ে যান বাম কর্মীরা৷ দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ বাম কর্মীদের আরও অভিযোগ, ওই দুষ্কৃতীদের কাছে লাঠিসোঁটা ছিল৷ তাই তারা বাম কর্মীদের বেধড়ক মারধর করে৷ এই ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী গুরুতর জখম হয়েছেন৷ এলাকাবাসীদের তৎপরতায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে৷ বাকিরা এখনও হাসপাতালে ভরতি৷
[ আরও পড়ুন: ‘মানুষই উত্তর দেবে’, রাহুলের ‘ধোঁকা’র জবাবে পালটা চ্যালেঞ্জ মৌসমের]
বাম প্রার্থীর প্রচারের সময় বিশৃঙ্খলার ঘটনায় চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷ বাম কর্মীদের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ ভোটের আগে প্রচারের আলোয় আসার জন্য কোচবিহারের বাম নেতৃত্ব নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে বলেও পালটা তোপ দেগেছে ঘাসফুল শিবির৷ ইতিমধ্যেই এই ঘটনার জল গড়িয়েছে তুফানগঞ্জ থানায়৷ সেখানেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বামেরা৷ নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা৷
সর্বশেষ খবর
-
‘ওঁর নকআউট কিন্তু…,’ মেরি কমকে শুভেচ্ছা জানিয়ে ‘বিগ বস’-এর প্রতিযোগীদের সতর্কবাণী প্রিয়াঙ্কার
-
ফলেও মিশছে বিষ! স্বাস্থ্যকর কলাতেও রয়েছে ঝুঁকির আশঙ্কা
-
ঠাঁই হয়নি বেডে, ৩ দিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে কাতরে মৃত্যু যুবকের! বাঁকুড়ায় তোলপাড়
-
৫০৪ কোটির ব্যাঙ্ক কেলেঙ্কারি, ৬ আমলা-সহ ১৯ অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট
-
‘মাফিকের নামে স্কুল চাই, নইলে…’, বাঁকুড়ায় ফের বড় আন্দোলনের ডাক সিজেপির