ব্রতীন দাস, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আচমকা রাস্তা-সেতুর কাজ পরিদর্শনে রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস৷ হাসিমারায় প্রশাসনিক বৈঠক শেষ হতেই মঙ্গলবার বিকেলে ‘সারপ্রাইজ ভিজিটে’ বেরিয়ে পড়েন তিনি৷ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে চলা পূর্ত দফতরের একাধিক প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন৷ পরিদর্শন করেন এশিয়ান হাইওয়ে ৪৮-এর কাজও৷ কোনও কাজেই ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে দফতরের আধিকারিকদের সাফ জানিয়ে দেন মন্ত্রী৷ একইসঙ্গে কাজের গুণমান নিয়েও কোনওভাবেই আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি৷ কয়েকটি জায়গার কাজ দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন পূর্তমন্ত্রী৷
এদিন আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠকে পূর্ত দফতরের কাজকর্ম নিয়ে আলোচনার সময় কয়েকটি কাজে ঢিলেমির অভিযোগ ওঠে৷ টাকার কোনও অভাব রাখা হচ্ছে না৷ তাহলে কাজে ঢিলেমি কেন? ফলে এটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে বৈঠকে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ দেখা যায়, রাস্তা তৈরির কাজে উত্তরবঙ্গের বিভিন্ন নদীবাহিত যে সাদা পাথর ব্যবহার করা হচ্ছে, তা খুবই ভঙ্গুর৷ ফলে টেকসই হচ্ছে না রাস্তা৷
আলিপুরদুয়ারে উড়ালপুলের কাজ চলছে৷ ওই কাজটি কেমন চলছে, কী সমস্যা রয়েছে তা জেনে কাজ শেষের সময়ও বেঁধে দেন অরূপ বিশ্বাস৷ এরপর তিনি চলে আসেন আলিপুরদুয়ারে প্রশাসনিক ভবনের কাজ দেখতে৷ রাজ্যের ৩৬টি দফতরকে এক ছাতার তলায় এনে কাজের লক্ষ্যে রাজ্যে মডেল হিসাবে গড়ে উঠছে ওই প্রশাসনিক ভবন৷ এর পর এশিয়ান হাইওয়ে ৪৮-এর কাজ খতিয়ে দেখেন মন্ত্রী৷ ভুটানের থিম্পু থেকে বাংলাদেশ পর্যন্ত ৯০৫ কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে৷ ডুয়ার্স ও কোচবিহারের উপর দিয়ে যাচ্ছে রাস্তাটি৷ সেখানেও সাদা পাথর ব্যবহার করা হচ্ছে৷ ফলে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার