নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: স্কুল চলাকালীন শ্রেণিকক্ষের ছাদের চাঙড় ভেঙে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বনগাঁর গোপালপুরে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিক্ষকদের স্কুলের ভিতরে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। তাঁদের দাবি, অবিলম্বে শ্রেণিকক্ষের মেরামতি করতে হবে। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যান গোপালপুর থানার পুলিশ। বিডিও-র সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক নিজে কথা বলেন। কিন্তু সেসব মানতে নারাজ অভিভাবকরা।
[আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদের ‘শাস্তি’, স্ত্রী-সন্তানকে পুড়িয়ে খুনের অভিযোগ]
অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার সকালেও ক্লাস শুরু হয় উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরের গরিবপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, ক্লাস চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে শ্রেণিকক্ষের ছাদের চাঙড়। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলের ভিতর শিক্ষকদের আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। দাবি ওঠে, বিডিওকে জানাতে হবে বিষয়টি। অবিলম্বে মেরামত করতে হবে শ্রেণিকক্ষ। নিশ্চিত করতে হবে পড়ুয়াদের নিরাপত্তা। অভিভাবকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছায় গোপালপুর থানার পুলিশ।
এরপরই দু’পক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা। অভিভাবকদের দাবি মেনে বিডিও-এর সঙ্গে যোগাযোগ করেন প্রধান শিক্ষক। তবে বিডিও-প্রধান শিক্ষকের কথোপকথনের পরও বিক্ষোভ তুলতে নারাজ অভিভাবকরা। তাঁদের দাবি, ঘটনাস্থলে গিয়ে বিডিওকে সবটা দেখতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অভিভাবকদের অভিযোগ, এহেন ঘটনা এই প্রথম নয়, এর আগেও ওই শ্রেণিকক্ষের ছাদের চাঙড় ভেঙে পড়েছে। কিন্তু তাতেও কোনও হেলদোল ছিল না স্কুল কর্তৃপক্ষ। আর এখানেই অভিভাবকদের প্রশ্ন, কেন পর্যাপ্ত ব্যবস্থা না নিয়ে এতগুলো পড়ুয়াকে নিয়ে ক্লাস করা হচ্ছিল? অভিভাবকদের অভিযোগ কার্যত স্বীকারও করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। জানিয়েছেন, এর আগেও এই ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এ বিষয়ে বিডিও ও সংশ্লিষ্ট মহলে জানানোও হয়েছিল, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তবে এদিনের ঘটনায় তিনি আশ্বাস দিয়েছেন দ্রুতই সমস্যা সমাধান হবে।
[আরও পড়ুন: কাটমানি কোপে এবার মুকুল ও শুভ্রাংশু, কাঁচড়াপাড়ায় টার্গেট পিতা-পুত্র]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের