স্টাফ রিপোর্টার: ইন্টারনেটে ‘ব্লু হোয়েল’ গেমের সর্বনাশা নেশা ইতিমধ্যেই কেড়ে নিয়েছে বিশ্বের শতাধিক কিশোর-কিশোরীর প্রাণ। ভারতেও ‘নীল তিমির’ শিকার বেশ কয়েকজন। রাজ্যের কচিকাঁচাদের এমন ভয়াবহ ইন্টারনেট গেম, অ্যাপস থেকে দূরে রাখার জন্য দ্রুত কাউন্সেলিং শিবিরের আয়োজন করতে চলেছে ‘অ্যাসোসিয়েশন অফ স্কুল ফর আইএসসি’-র পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের এক্সিকিউটিভ কমিটি। রবিবার পূর্ব মেদিনীপুরের কন্টাই পাবলিক স্কুলে কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। রাজ্য জুড়ে প্রায় ৭০ থেকে ৭৫টি আইসিএসই স্কুলকে এই ওয়ার্কশপে অংশ নেওয়ার জন্য বেছে নেওয়া হবে। স্কুল প্রতি দু’জন করে ছাত্রছাত্রী ও শিক্ষক আসবেন ওয়ার্কশপে। সব মিলিয়ে প্রায় ২৫০ জনের মতো পড়ুয়া-শিক্ষককে নিয়ে দু’টি ধাপে একদিনব্যাপী ওয়ার্কশপ হবে। তবে এটি কবে, কোথায় হবে, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংগঠনের কর্তারা।
[ব্লু হোয়েল গেমের মরণকামড় থেকে দেশকে বাঁচাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের]
সংগঠনের সভাপতি তথা রামমোহন মিশন স্কুলের প্রধান শিক্ষক সুজয় বিশ্বাস জানান, বিশেষজ্ঞরা ওয়ার্কশপে পড়ুয়াদের কাউন্সেলিং করবেন। ওয়ার্কশপে অংশ নেওয়া শিক্ষক-ছাত্ররা এ ধরনের গেম, অ্যাপসের ভয়াবহতা নিয়ে অন্য পড়ুয়াদের জানাবে। এ ধরনের খেলা থেকে কেন বিরত থাকা উচিত, এর ভয়াবহতা কেমন, কী কী ক্ষতি হতে পারে তা বোঝানো হবে। ব্লু হোয়েল গেম ইতিমধ্যেই নিষিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু এর মতোই ইন্টারনেটে আরও অনেক ধরনের ধ্বংসাত্মক গেম, অ্যাপস রয়েছে। সেগুলি থেকে পড়ুয়াদের দূরে রাখতেই এমন ওয়ার্কশপ করার সিদ্ধান্ত। অন্যদিকে পাহাড়ের বোর্ডের অধীন স্কুলের দশম এবং দ্বাদশের পড়ুয়াদের পড়াশোনার সুবিধায় কলকাতা ও আশপাশের অন্য জেলায় নিয়ে আসার বিষয়েও আলোচনা করা হয় এদিনের বৈঠকে।
[সাবধান! ভারতে হানা দিয়েছে মারণ ‘ব্লু হোয়েল গেম’, মৃত কিশোর]
উল্লেখ্য, এই গেম বিশ্ব জুড়ে প্রাণ কেড়েছে শতাধিক কিশোর-কিশোরীর। তারপরই রাশিয়া থেকে গ্রেপ্তার করা হয় গেমটির নির্মাতাকে। গত শনিবার, আত্মহত্যা করে কেরলের দুই যুবক। ব্লু হোয়েল গেমের জন্যই তাঁদের এই পরিণতি বলে অভিযোগ জানানো হয়েছে। এছাড়াও মুম্বই ও ইন্দোরেও হানা দিয়েছে ব্লু হোয়েল।
সর্বশেষ খবর
-
স্রেফ নিটের নম্বর নয়, চিকিৎসা প্রবেশিকায় চাই দ্বাদশের ফলাফলও! নিয়ম বদলের পথে কেন্দ্র?
-
পাঁচ মিনিটেই পৌঁছবে পুলিশ! আমেরিকার ৯১১-এর ধাঁচে বঙ্গে দ্রুত চালু হচ্ছে ১১২ হেল্পলাইন
-
৫৪ ফুটের দোসা, ১৪ টনের বিরিয়ানি! গিনেসবুকে নাম তোলা ভারতের এই ৬ ডিশ চেখেছেন?
-
ন’বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া, কবে কোথায় ম্যাচ?
-
‘মহামারির আকার নিয়েছে প্রতারণা’ , সাইবার সহায়তা কেন্দ্র চালু করে শুভেন্দুর অ্যাকশন শুরু!