ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: গাঁয়ের নেতার মুখে এবার গ্রাম বাংলার খবর। সে নেতা হতে পারেন সাংসদ, হতে পারেন বিধায়ক। তাঁর মুখেই থাকবে বাংলার টাটকা খবর। এক্কেবারে আনকোরা কাহিনি। রোজ বিকেলের ফেসবুক লাইভে!
[পঞ্চায়েতেও ‘দ্য নেমসেক’! একই নামের দুই দলের প্রার্থীকে নিয়ে গেরোয় গ্রামবাসীরা]
গ্রামে-গঞ্জে ঘুরে সারা বছর যাঁদের সঙ্গে মেলামেশা, ভোটের সময় সেই তাঁদের মত নিতে হয় সংবাদমাধ্যমে। রাজ্যের মানুষের সঙ্গে এই দূরত্বটা ঘোচাতেই এবার ফেসবুক লাইভে আসছে তৃণমূল! অনুষ্ঠানের পোশাকি নাম রাখা হয়েছে ‘৫টায় পঞ্চায়েত’। সোমবার, ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই ফেসবুক লাইভ। যেখানে রোজ মানুষের মুখোমুখি হবে শাসকদল। পাঁচ বছরের খতিয়ানকে সামনে রেখে ঝোড়ো সমালোচনায় বিরোধীদের বিদ্ধ করে জাতীয় ইনিংসে কোন পথে আগামিদিনে রাজনীতি এগোবে তার আঁচ ইতিমধ্যে দিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর দলের নেতাদের পালা। দলীয় সূত্র জানিয়েছে, এই উদ্যোগও তৃণমূলনেত্রীরই মস্তিষ্কপ্রসূত। গোটা বিষয়টি রাজ্য জুড়ে সাজিয়ে উপস্থাপনের যাবতীয় উদ্যোগ নিয়েছেন যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সহযোগিতায় রয়েছে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েনের নিজস্ব ওয়েব টিম।
[স্বামীর বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহার স্ত্রীর, ভাঙা দাম্পত্য জোড়া লাগাল পঞ্চায়েত ভোট]
স্বামীর বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহার স্ত্রীর, ভাঙা দাম্পত্য জোড়া লাগাল পঞ্চায়েত ভোটগ্রাম বাংলায় দলের যে বিধায়করা বছরভর মানুষের সঙ্গে কোমর বেঁধে মাঠে-ময়দানে নেমে কাজ করেন, তাঁদেরই বেশি করে সামনে আনা হচ্ছে। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও এই লাইভ অনুষ্ঠানে থাকবে বহু নতুন মুখও। যাঁরা সারা বছর খবরে থাকেন না, প্রচারের আলোয় থাকেন না, বসবেন তাঁরাও। বসতে পারেন সাংসদ, বিধায়ক, জেলার অন্য শীর্ষ নেতারা। তাতে প্রতিটি এলাকার মানুষকে যেমন এক সূত্রে জোড়া যাবে। নিজেদের নেতাকে সামনে পেয়ে লাইভে জুড়ে থাকবেন স্থানীয় মানুষ। তার সঙ্গে আনকোরা সাংসদ-বিধায়করাও সড়গড় হবেন। লোকসভার বড় লড়াইয়ের আগে এভাবে দলের প্রতিটি সৈনিককে প্রস্তুত করা যাবে দলগতভাবেও। সবটুকু নিজে খতিয়ে দেখে নিচ্ছেন অভিষেক। পাঁচ বছর সরকারি পরিষেবা পৌঁছেছে গ্রামে গ্রামে। একাধিক প্রকল্প হাসি ফুটিয়েছে গরিব-গুর্বোদের ঘরে। কখনও সরকারি সাহায্য হাঁড়ি চড়িয়েছে মাটির বাড়িতে। ফেসবুক লাইভে বসেই এবার নিয়ে মানুষের প্রতিক্রিয়া শুনে নেবেন দলের নেতারা। বুঝে নেবেন মানুষের মন। সঙ্গে সঙ্গে উত্তর দেবেন প্রশ্নের। ভোটের মুখেই পরিষ্কার হয়ে যাবে কোন দিকে যাচ্ছে জনমত। দলের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, “পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বাংলার উন্নয়নের খতিয়ান সরাসরি শুনুন তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের কাছ থেকে।”
[ভোট বয়কটে অনড় গ্রামবাসীরা, একযোগে মনোনয়ন প্রত্যাহার তৃণমূল-বাম-বিজেপি প্রার্থীর]
দলীয় সূত্র জানাচ্ছে, যেমন-তেমনভাবে এই লাইভ করা হবে না। শুধু ক’জন প্রশ্ন করবেন, আর নেতারা তাঁর উত্তর দেবেন এমনটা নয়। একেবারে তথ্য-প্রমাণ, দলিল-দস্তাবেজ নিয়ে যাবতীয় প্রশ্নের জন্য তৈরি হয়ে বসবেন নেতারা। মাঠের মানুষের সঙ্গে মাঠের নেতার সঙ্গে সম্পর্ক স্থাপনই নয়, এই লাইভের মাধ্যমে সবরকম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু গ্রামের মানুষের কাছে পৌঁছতে এমন সময় বাছা কেন? গ্রামে মাঠে-ঘাটের কাজ সারতে বিকেল গড়িয়ে যায়। সুয্যি পাটে বসলেই পাড়ার মোড়ে মোড়ে বসে পঞ্চায়েত। সারা দিন কাজেকর্মে কাটিয়ে সাঁঝের মুখে চলে দিনকালের হাল-হকিকতের বিচার। গ্রামে-গঞ্জে ইতিমধ্যে হাতে হাতে ছড়িয়ে পড়েছে স্মার্টফোন। তাতেও ভেসে আসে সমাজের নানা অংশের ছবি। ইতিমধ্যে দলের ৪২ সাংসদকে সামনে রেখে খোলা হয়েছে এফবি পেজ। সেখানে অনবরত ভেসে উঠছে সরকারি পরিষেবার খবর। আসছে পঞ্চায়েতের টাটকা ছবি। গ্রাম বাংলায় ইতিমধ্যে লাফিয়ে বেড়েছে যার আকর্ষণ। সব মিলিয়ে পাড়ায় পাড়ায় এখন পঞ্চায়েতের হাঁড়ির খবর। চলছে চুলচেরা বিশ্লেষণ। বেলাশেষে গড়ে উঠছে সমবেত জনমত। গোধূলির মুখে এই সময়টাকেই কাজে লাগাতেই গ্রাম বাংলার মানুষের সামনে আসার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন এক শীর্ষ নেতা। তাঁর ইঙ্গিত, “এর পর আসছে আরও চমক। মানুষের কাছে পৌঁছতে কোনও ফাঁক রাখা হবে না।”
সর্বশেষ খবর
-
‘মুক্তোমনা হও তবে…’, কেতন হত্যাকাণ্ডের পর তরুণপ্রজন্মকে সতর্কবাণী কঙ্গনার
-
‘চূড়ান্ত হতাশ’, চিরতরে বিশ্বকাপ দেখা বন্ধ করছেন দেবের নায়িকা ইধিকা!
-
ঘরে ফিরে নবজাতকের মুখদর্শন, যন্ত্রণায় প্রলেপ বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়া দানিশের, কী বলছেন সুইটি?
-
কাল থেকে টানা ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল! আচমকা কেন এমন নির্দেশিকা কলকাতা পুলিশের?
-
আইসিসি হল অফ ফেমে সৌরভ, ‘পার্টনার’কে আবেগঘন বার্তা শচীনের