পুজোর ছুটিতে (Durga Puja Vacation) পর্যটকে উপচে পড়া জনপ্রিয় ট্যুরিস্ট স্পট নয়। চেনাপরিচিতর গণ্ডি পেরিয়ে, ঘুরে আসুন ভারতের এই গ্রামগুলিতে। প্রকৃতি এখানে নির্মল, মনের যাবতীয় ক্লেশ, সারা বছরের ইঁদুরদৌড়ের যাবতীয় ক্লান্তি যেন ধুয়ে মুছে যাবে পুজোর পাঁচ দিনেই।
১. ছিটকুল, হিমাচল প্রদেশ
ভারতের সর্বশেষ জনবসতিপূর্ণ গ্রামগুলির মধ্যে অন্যতম ছিটকুল। কিন্নর জেলায় অবস্থিত এই গ্রামে পৌঁছনোর পথ ছবির মতো সুন্দর। শিমলা থেকে শুরু করে কুফরি, নারকান্ডা ও সাংলার মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে চোখে পড়বে আপেল বাগান, পাইন গাছের সারি আর বরফে ঢাকা পাহাড়। বাসপা নদীর উপত্যকা পেরিয়ে গ্রামে পৌঁছনোর অভিজ্ঞতা ভ্রমণপ্রেমীদের মনে দীর্ঘদিন থেকে যাবে।
আরও পড়ুন:

২. লাচুং, সিকিম
গ্যাংটক থেকে তিস্তা নদীর পাশ দিয়ে এগিয়ে সিংতাম, মাঙ্গান ও চুংথাং পেরিয়ে পৌঁছনো যায় এই গ্রামে। পথে রয়েছে গভীর উপত্যকা, ঘন বন, পাহাড়ি ঝরনা ও সুউচ্চ পাহাড়ের মনোরম দৃশ্য। সেভেন সিস্টার্স জলপ্রপাত ও ভীম নালা জলপ্রপাতের সৌন্দর্য এই যাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে।
৩. পেরিয়ার, কেরল
প্রকৃতিপ্রেমীদের জন্য পেরিয়ার এক্কেবারে উপযুক্ত। কর্নাটকের বন্দিপুর থেকে পেরিয়ারের দিকে এগিয়ে গেলে বদলে যায় চারপাশের দৃশ্য। পশ্চিমঘাট পর্বতমালার সবুজ পাহাড়, চা বাগান, ঘন জঙ্গল ও কুয়াশায় ঢাকা রাস্তা যাত্রাপথের শোভা বাড়ায়। থেক্কাড়ির কাছাকাছি পৌঁছলে আরও ঘন হয়ে আসে বনাঞ্চল।
৪. জিরো উপত্যকা, অরুণাচল প্রদেশ
পাহাড়ের কোলে বিস্তীর্ণ ধানখেত, সবুজ বন আর স্থানীয় আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন দেখা যায় জিরো উপত্যকায়। ইটানগর থেকে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে চোখে পড়বে ছোট ছোট জনপদ ও বাঁশের বাড়ি। এই অঞ্চলের অন্যতম পরিচিত জনগোষ্ঠী আপাতানি সম্প্রদায়। তাঁদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ও কৃষিকাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও মেলে এই ভ্রমণে।

৫. হানু, লাদাখ
হানু গ্রামে পৌঁছনোর পথে রয়েছে পাহাড়, নদী ও উপত্যকার অপূর্ব সমাহার। শ্রীনগর থেকে যাত্রা শুরু করে জোজিলা, দ্রাস, কার্গিল ও লামায়ুরু পেরিয়ে লেহ হয়ে এগোনো যায় এই অঞ্চলের দিকে। পথের দু’পাশে কখনও দেখা মেলে রুক্ষ পাহাড়ের, কখনও নীল নদীর। হানু ও ধা গ্রাম ব্রোকপা সম্প্রদায়ের বাস ও এপ্রিকট বাগানের জন্য পরিচিত।
৬. আরাকু উপত্যকা, অন্ধ্রপ্রদেশ
আরাকু উপত্যকা পরিচিত তার পাহাড়ি সৌন্দর্য ও কফি বাগানের জন্য। বিশাখাপত্তনম থেকে আরাকুর পথে যেতে, রয়েছে পূর্বঘাট পর্বতমালার মনোরম দৃশ্য। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, কুয়াশায় ঢাকা ঢাল ও অনন্তগিরির সবুজ পাহাড় এই যাত্রার বিশেষ আকর্ষণ। পথে বিখ্যাত বোরা কেভস ঘুরে দেখার সুযোগও রয়েছে।
৭. হামপি, কর্নাটক
ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধন দেখতে চাইলে হামপি ঘুরে আসতে পারেন। বেঙ্গালুরু থেকে হামপির পথে শহুরে ব্যস্ততা ধীরে ধীরে বদলে যায় দাক্ষিণাত্য মালভূমির খোলা প্রান্তরে। হামপিতে পৌঁছে দেখা যাবে বিজয়নগর সাম্রাজ্যের ঐতিহাসিক নিদর্শন, বিরূপাক্ষ মন্দির ও বিখ্যাত পাথরের রথ। তুঙ্গভদ্রা নদীর তীর এই এলাকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।

৮. মাওলিনং, মেঘালয়
মাওলিনং পরিচিত তার পরিচ্ছন্ন পরিবেশ ও বাঁশের তৈরি বাড়ির জন্য। শিলং থেকে পাহাড়ি রাস্তা ধরে এই গ্রামে যাওয়ার সময় চোখে পড়বে খাসি পাহাড়ের সবুজ উপত্যকা, সুপারি বাগান ও ছোট ছোট জনপদ। আবহাওয়া পরিষ্কার থাকলে রাস্তা থেকে বাংলাদেশের সমতলভূমিও দেখা যায়। গ্রাম ঘুরে দেখার পাশাপাশি কাছেই রিওয়াইয়ের লাইভ রুট ব্রিজ দেখতে যেতে পারেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব