সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কলকাতায় এসে পৌঁছল প্রয়াত অভিনেতা তথা রাজনীতিক তাপস পালের মরদেহ। মঙ্গলবার রাতেই কলকাতা বিমানবন্দরে পৌঁছল প্রয়াত অভিনেতার মরদেহ। এসে সঙ্গে ছিলেন পরিজন-সহ শোকাহত স্ত্রী নন্দিনী পাল। দেহ থাকবে অভিনেতার বাড়িতে। বুধবার কেওড়াতলা মহাশ্মশানে অভিনেতার শেষকৃত্য হওয়ার কথা। তার আগে তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। সেখানে অভিনেতাকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন বিশিষ্ট ব্যক্তিরা।
বুধবার সকালে ১১টা থেকে তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। সেখানেই প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা। অনুরাগীরাও এদিন শ্রদ্ধা জানাতে পারবেন তাঁদের প্রিয় নায়ককে। তারপর কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
[আরও পড়ুন: ‘বাঁশি’ ছবি দিয়েই ইন্ডাস্ট্রিতে ফিরতে চেয়েছিলেন, শুটিং অসম্পূর্ণ রেখেই চলে গেলেন ‘সাহেব’]
মঙ্গলবার ভোর ৩টে ১৫ মিনিট নাগাদ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। ১ ফেব্রুয়ারি মেয়ের কাছে যাওয়ার জন্য বিমানবন্দর পৌঁছেছিলেন তিনি। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের হাসপাতালে। প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালেই ছিলেন তাপস পাল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। মঙ্গলবার ভোররাতে দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। তখনই তিনি মারা যান। তাঁর মৃত্যুসংবাদে শোকস্তব্ধ টলিউড। সন্ধ্যা রায়, মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ-ঋতুপর্ণা থেকে নব প্রজন্মের দেব, মিমি, নুসরত, সোহম, পায়েল সকলেই শোকপ্রকাশ করেছেন অভিনেতার মৃত্যুতে। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতও স্মরণ করলেন তাঁর কেরিয়ারের প্রথম অভিনেতা তাপস পালকে। অন্যদিকে, বিরোধী শিবিরের দিলীপ-অনুপম থেকে অধীর চৌধুরী, সাংসদ তাপসের মৃত্যুর জন্য তৃণমূলকে কটাক্ষ করেছেন।
ভূমিপুত্র তাপস পালের মৃত্যুতে গোটা চন্দননগরজুড়ে বিষাদের সুর। অভিনেতাকে নিয়ে বিভিন্ন সময়ে চন্দননগরে নানা বিতর্ক দেখা দিলেও আজকের এই শোকের দিনে সমস্ত কিছু ভুলে চন্দননগরবাসী তাদের ঘরের ছেলের প্রয়াণে শোকে মূহ্যমান। শোক সংবাদ পাওয়ার পর থেকেই তাপস পালের চন্দননগরের বাসভবনের কাছে ভীড় জমিয়েছেন অসংখ্য মানুষ। সকলেই চাইছেন এই বাড়ি থেকেই যখন ‘তাপস পাল’ হয়ে ওঠা, তখন একবারটি তাঁর মরদেহ নিয়ে আসা হোক এই পাড়ায়। এই বাড়িতে। কিন্তু পরিবারের পক্ষ থেকে সেরকম কোনও পরিকল্পনার কতা জানা যায়নি।
[আরও পড়ুন: তাপস পালের মৃত্যুতেও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ-অধীররা]
সর্বশেষ খবর
-
দেবীর ভোগে ইলিশ-চিংড়ি, অসুরের ভাগে সুরা, বাংলার এই দুর্গাপুজোয় আজও অটুট রীতি
-
নজরকাড়া সেট-দু’মাসব্যাপী লঙ্কা দহন দৃশ্যের শুটিং, ভারতীয় সিনেমায় ইতিহাস গড়ল ‘রামায়ণ’
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে
-
এয়ার ইন্ডিয়ার ঘটনায় শিক্ষা, দেশের সব পাইলটের মাদক পরীক্ষা জুলাইয়ের মধ্যে! নির্দেশিকা ডিজিসিএ-র
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?