সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাপাতা লেডিজ’ এবং ‘অল ইউ ইমাজিন অ্যান্ড লাইট’ ছবির জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন। তারই মাঝে আইনি বিপাকে অভিনেত্রী ছায়া কদম। জানা গিয়েছে, ইগুয়ানা, কচ্ছপ ও হরিণের মাংস খেয়েছেন তিনি। আবার নিজের মুখে তা স্বীকারও করেছেন। আর তার জেরে বিপাকে অভিনেত্রী। বনদপ্তরের তরফে নাকি নোটিসও পেয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি মুম্বইয়ের একটি বন্যপ্রাণ সংরক্ষণ সংগঠনের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে বনদপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, “একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে অভিনেত্রীর। যাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ভারতে নিষিদ্ধ তিনটি বন্যপ্রাণীর মাংস খেয়েছেন। অভিনেত্রীর এই বক্তব্যে আমাদের সমাজে ভুল বার্তা পৌঁছবে। তাই আমরা চাই অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত করে দেখা হোক। এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা, তা-ও খতিয়ে দেখা হোক। আর তারপর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।”
অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে বনদপ্তর। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারী আধিকারিক রাকেশ ভোর ইতিমধ্যে অভিনেত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তাঁকে নাকি তলবও করা হয়। তবে অভিনেত্রী জানান, তিনি বর্তমানে শুটিংয়ের জন্য বাইরে রয়েছেন। চারদিন পর ফিরছেন। তারপর আইনি সহযোগিতা নেবেন। তাঁর আইনজীবীর পরামর্শ অনুযায়ী তলবে সাড়া দেবেন। বলে রাখা ভালো, এর আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় আইনি বিপাকে পড়তে হয়েছিল সলমন খানকে। তবে কি শাস্তির খাঁড়া ঝুলছে অভিনেত্রীর ঘাড়েও? ক্রমশ বাড়ছে আশঙ্কা।
সর্বশেষ খবর
-
বেঙ্গালুরু পালিয়েও নিস্তার নেই, পলাতক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল হাসনাবাদ থানার পুলিশ
-
‘দুর্গাপুজো লেখা না থাকলে স্টল ভেঙে দেব’, শুভেন্দুর বার্তার পরই বামেদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
-
ব্রিকসের নৈশভোজে গেলেন না জিনপিং, অনুপস্থিতি নিয়ে কী জানাচ্ছে বেজিং?
-
রাতের আসানসোলে জাতীয় সড়কে বিভীষিকা! ছিনতাইয়ের চেষ্টা, বাধা পেয়ে বাইক আরোহীকে গুলি
-
গণেশ পুজোর জন্য মিলছে না পুলিশের অনুমতি, কোথায় হবে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ?