সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলে দুই নায়িকার মধ্যে বন্ধুত্বের সমীকরণ কখনও ভালো হয় না কিংবা নায়িকাদের বন্ধুত্ব মানেই ‘জলের আল্পনা’? সেসব বস্তাপচা ‘ক্যাট ফাইট’ ত্বত্ত্ব উড়িয়ে দিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে প্রশংসায় ভরালেন মৌনী রায়। শুধু তাই নয়, ‘আমার লেডি সুপারস্টার’ বলেও শেয়ার করলেন আদুরে বার্তা।
দিন কয়েক আগেই লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরীতে পা রেখেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাংলার বক্স অফিসে যখন ‘ধূমকেতু’ ঝড়, তখন মুম্বইয়ে নতুন কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। তবে মঙ্গলবার খারাপ আবহাওয়ার জেরে কাজ বাতিল হওয়ায় একাই মুম্বইয়ের বৃষ্টি উপভোগ করছিলেন অভিনেত্রী। আর সেই অবসরে সুযোগ পেয়েই দেখা করেন মৌনী রায়ের সঙ্গে। মায়ানগরীতে মৌনী-শুভশ্রীর বন্ধুত্বের মিষ্টি মুহূর্ত ইতিমধ্যেই নেটভুবনে ভাইরাল। আর সেই সাক্ষাতের পরই গর্বে ‘ধূমকেতু’ নায়িকাকে নিয়ে কলম ধরলেন বলিউড অভিনেত্রী। মৌনীর মন্তব্য, ‘আমার সুন্দরী বন্ধু শহরে পা রেখেছে। গত ছয় মাস ধরেই বাংলার প্রেক্ষাগৃহে রাজত্ব করে যাচ্ছে ও। আমি ভীষণ গর্বিত ওর জন্য। আমাদের লেডি সুপারস্টার শুভশ্রী।’ উল্লেখ্য, ‘ধূমকেতু’র আগে জুন মাসে মুক্তি পেয়েছিল শুভশ্রী অভিনীত ‘গৃহপ্রবেশ’। যে ছবি সিনেসমালোচকদের কলমে ভালো নম্বর পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও সফল। সেকথাই সম্ভবত বলতে চেয়েছেন মৌনী।
প্রসঙ্গত, রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর বিচারকের আসনে দুই অভিনেত্রীকে দেখা গিয়েছিল। আর সেখান থেকেই দুই বঙ্গললনার বন্ধুত্বের সূত্রপাত। এর আগে কলকাতায় এসে রাজ-শুভশ্রীর সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল মৌনী রায়কে। এবার শুভশ্রী যখন মায়ানগরীতে তখন বন্ধুর কাছে ছুটে গেলেন মৌনী।
অনুরাগীমহলের কাছে তিনি বাংলার ‘লেডি সুপারস্টার’। আর এবার মৌনীর কাছেও ওই একই আখ্যা পেলেন শুভশ্রী। আর হবে নাই বা কেন! বছর খানেক ধরেই একের পর এক ছবিতে ছকভাঙা চরিত্রে ধরা দিয়ে অভিনেত্রী হিসেবে নিজের জাত বুঝিয়ে দিয়েছেন। তাঁর ঝুলিতেও বর্তমানে ডাকসাইটে সব সিনেমার চরিত্র। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’। দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘পরিণীতা’র সময় থেকেই ভিন্ন স্বাদের সিনেমা-সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বা আবার বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সময়ের সঙ্গে, কাজের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তাঁর অনুরাগীর সংখ্যাও।
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব