Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Shah Rukh Khan

‘শাহরুখ কাজ ছাড়া কিছুই বোঝেন না’, ‘কিং’ শুটিংয়ের অনবদ্য অভিজ্ঞতা জানালেন খরাজ

'মেয়ে সুহানাকে হাতেকলমে অভিনয় শেখান শাহরুখ', 'কিং'-এর সেটে বাবা-মেয়ের সমীকরণ নিয়ে মুখ খুললেন খরাজ মুখোপাধ্যায়।

শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৮:৩৯

link
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৮:৩৯

options
link
‘শাহরুখ কাজ ছাড়া কিছুই বোঝেন না’, ‘কিং’ শুটিংয়ের অনবদ্য অভিজ্ঞতা জানালেন খরাজ zoom
শাহরুখ-সুহানার সঙ্গে 'কিং' শুটিংয়ের অনবদ্য অভিজ্ঞতা জানালেন খরাজ মুখোপাধ্যায়।
Advertisement

ঘোষণার পর থেকেই শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। বছর দুয়েক ধরে প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য নেটভুবনে রাজত্ব করে বেড়াচ্ছে। বিশেষ করে বিগ বাজেট এই ছবিতে শাহরুখের ‘কিং’ লুক নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি চর্চার শিরোনামে সিনেমার তারকাখচিত কাস্টিং। কে নেই? ‘মধ্যমণি’ বাদশার পাশাপাশি অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, সুহানা খান, আরশাদ ওয়ারসি থেকে অনিল কাপুরের মতো একাধিক দুঁদে তারকা অভিনয় করছেন ‘কিং’ ছবিতে। সেই তালিকার আরেক অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। অতীতেও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন, তবে এবার বাদশার বহু প্রতীক্ষিত বিগ বাজেট সিনেমায় কাজ করার অভিজ্ঞতা কেমন? মঙ্গলবার, নিজের জন্মদিনে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর কাছে মুখ খুললেন খরাজ।

“শাহরুখ-সুহানার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। দীপিকা পাড়ুকোনও ছিলেন সেটে। আমি একদিন ওঁকে বললাম যে- ম্যাডাম, আপনার সঙ্গে আমি ‘লাফাঙ্গে পরিন্দে’ ছবিতে করেছি। উনি জিজ্ঞেস করলেন,…”

বাদশার বহু প্রতীক্ষিত বিগ বাজেট ‘কিং’ সিনেমায় খরাজ মুখোপাধ্যায়।

সদ্য মুম্বই থেকে কাজ করে কলকাতায় ফিরেছেন অভিনেতা। ‘কিং’-এর কাজের জন্য দুটো শিডিউলে মায়ানগরীতে গিয়েছিলেন খরাজ। প্রথম ভাগের শুটের পর গোটা টিম পোল্যান্ড যায়। দ্বিতীয়ার্ধের শুটিংয়ের জন্য ফের মুম্বইতে যেতে হয় খরাজকে। সেখানে শাহরুখ খানের সঙ্গে শট দেওয়ার অভিজ্ঞতা কেমন? খরাজ মুখোপাধ্যায় জানালেন, “উনি কাজ ব্যতীত কিছুই বোঝেন না। যতক্ষণ শাহরুখ সেটে থাকেন, খুবই নিষ্ঠার সঙ্গে মন দিয়ে কাজ করতে দেখলাম ওঁকে। কাজের মাঝে কোনও গল্প-গসিপে থাকেন না। সিনেমায় শাহরুখ-সুহানা দু’জনের সঙ্গেই আমার শট ছিল। তবে সিংহভাগ শট বাদশার সঙ্গেই রয়েছে আমার।” অভিনেতার কথায়, “শাহরুখের শিডিউল শুরু হয়, দুপুর ২টো থেকে। কাজ করেন রাত ২টো অবধি। এটা আবার আমার জন্য ভীষণ ভালো। কারণ সাতসকালে গিয়ে কাজ করাটা আমার পক্ষে অসুবিধেজনক। আর বম্বেতে সকাল ৬টা থেকে সেটে কাজ শুরু হয়ে যায়।” প্রথম পর্বে যশরাজ ফিল্মস স্টুডিওতে শুটিং করেন অভিনেতা। খরাজ জানালেন, ‘কিং’ ছবিতে এক স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে রয়েছেন। “শাহরুখ-সুহানার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। দীপিকা পাড়ুকোনও ছিলেন সেটে। আমি একদিন ওঁকে বললাম যে- ম্যাডাম, আপনার সঙ্গে আমি ‘লাফাঙ্গে পরিন্দে’ ছবিতে করেছি। উনি জিজ্ঞেস করলেন, আমি কোন চরিত্রে অভিনয় করেছি? আমি ‘খোকনদা’ চরিত্রটার কথা বলতেই, দীপিকার মনে পড়ে যায়।”

Advertisement

“দেখলাম, শাহরুখ মেয়েকে খুঁটিয়ে খুঁটিয়ে বলে দিচ্ছেন- ঘাড় যেন ঠিক থাকে, পোশাক যেন ঠিক থাকে। অভিব্যক্তি কীরকম হবে? সিনেব্যকরণের প্রতিটা বিষয় মেয়েকে হাতকলমে শেখাচ্ছেন।…” 

‘কিং’ শুটে শাহরুখ-দীপিকা।

‘কিং’ সিনেমা দিয়েই কন্যা সুহানা খানকে ‘লঞ্চ’ করছেন শাহরুখ। সেটে বাবা-মেয়ের সমীকরণ কেমন? খরাজ বললেন, “মেয়ের ডেবিউ ছবি, সারাক্ষণ সেটে তটস্থ থাকতেন শাহরুখ। মেয়ে সুহানার ব্যাপারে ভীষণ যত্নশীল উনি। শাহরুখ কীভাবে সুহানাকে সেটে গাইড করেন, তার একটা ছোট্ট উদাহরণ দিই। সুহানাকে শুয়ে একটা শট দিতে হত। দেখলাম, শাহরুখ মেয়েকে খুঁটিয়ে খুঁটিয়ে বলে দিচ্ছেন- ঘাড় যেন ঠিক থাকে, পোশাক যেন ঠিক থাকে। অভিব্যক্তি কীরকম হবে? সিনেব্যকরণের প্রতিটা বিষয় মেয়েকে হাতকলমে শেখাচ্ছেন। আমি একদিন শুটিংয়ের সময় বললাম- ‘আপনার সঙ্গে তো ছবি তোলা যাবে না, কারণ আপনি সিনেমার লুকে রয়েছেন। তাহলে অটোগ্রাফ পাওয়া যাবে?’ শুনে নিজেই এগিয়ে এসে বললেন- ‘অবশ্যই। সুজয় (ঘোষ) আপনার সম্পর্কে আগেই আমাকে বলেছিলেন। আপনার কাজ আমি আগেও দেখেছি। বেশ ভালো। পরবর্তীতে আপনার সঙ্গে আরও কাজ করার ইচ্ছে রইল।'” ছাব্বিশ সালের ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কিং’।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.