কংগ্রেস সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে। যা ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। জাতীয় গানের অবমাননার প্রসঙ্গ টেনে তোপ দাগছে বিজেপি। মঙ্গলবার সোনিয়া-রাহুলের পাশে দাঁড়িয়ে ওই অভিযোগের ভিত্তিহীন বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।
এদিন তিনি বলেন, জাতীয় গানের আদি সংস্করণ গাওয়া যদি অপরাধ হয়ে থাকে তবে মহাত্মা গান্ধী, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা উচিত। খাড়গে বলেন, “ওরা কী অভিযোগই বা দায়ের করবে? আমরা সেই ‘বন্দে মাতরম’-ই গেয়েছি যা মহাত্মা গান্ধী গেয়েছিলেন। জওহরলাল নেহরু যা গেয়েছিলেন। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন তাঁদের কেন্দ্রীয় সরকারও যা গেয়েছিল। আর মুখ্যমন্ত্রী হিসেবে ১২ বছর ধরে তিনিও (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) সেই একই ‘বন্দে মাতরম’ গেয়েছেন, যা তিনি এত বছর ধরে গেয়ে আসছেন।”
আরও পড়ুন:
খাড়গে আরও বলেন, “যদি এটি অপরাধ হয়, তবে তারা ১৮ বছর ধরে এই অপরাধই করে আসছেন। যদি এটি একই ধরনের অপরাধ হয়, তবে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করুন। যদি এটি একই ধরনের অপরাধ হয়, তবে নেহরুর বিরুদ্ধেও মামলা করুন।” কটাক্ষের সুরে কংগ্রেস সভাপতি বলেন, বর্তমান সমালোচকদের অনেকের জন্মের আগেই কংগ্রেস জাতীয় গান বিষয়ক একটি প্রস্তাব পাশ করেছিল। উল্লেখ্য, সোমবার গোয়ায় কংগ্রেসের সম্মেলনেও জাতীয় গানের প্রথম দু’টি স্তবক গাওয়া হয়। এরপর বিতর্ক নতুন করে দানা বাঁধে।
কংগ্রেস সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধাদানের অভিযোগে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে সোমবার দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয়ে এফআইআর নথিভুক্ত করারও দাবি জানানো হয়েছে। ঠিক কী ঘটেছিল স্বাধীনতা দিবসের দিন?
শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের সদর দপ্তরে উপস্থিত হয়েছিলেন সোনিয়া, রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ হাত শিবিরের শীর্ষ নেতারা। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠানের এক পর্যায়ে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ পরিবেশন করছেন কয়েকজন তরুণী। সেই সময় সোনিয়া এমন কিছু অঙ্গভঙ্গি করেন, যা দেখে মনে হচ্ছে তিনি কর্মীদের ‘বন্দে মাতরম’ গাওয়া বন্ধের নির্দেশ দিচ্ছেন। এরপর রাহুলকেও একই ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায়। সেই দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। জাতীয় গানের প্রতি অসম্মানের অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির।
সর্বশেষ খবর
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুন’ স্ত্রীর, বাবাকে মারতে সাহায্য মেয়েরও!
-
বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু
-
সকাল-সন্ধ্যা ধূপ জ্বালান? ডায়াবেটিসের ঝুঁকি ডেকে আনছেন না তো?
-
PM CARES তহবিলে হু হু করে বাড়ছে অনুদানের অঙ্ক, এখন কত টাকা রয়েছে? মিলল হিসাব