Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
EPFO New Rule

১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার! বেসরকারি কর্মীদের বিরাট সুখবর দিল কেন্দ্র

এর ফলে একদিকে যেমন নতুন করে বহু বেসরকারি কর্মী একধাক্কায় ইপিএফওর অন্তর্ভুক্ত হবেন, তেমনই কর্মীদের সঞ্চয়ও অনেকটা বাড়বে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৬:৫৮

options
link
১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার! বেসরকারি কর্মীদের বিরাট সুখবর দিল কেন্দ্র zoom
ফাইল ছবি।
Advertisement

বেসরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! ইপিএফও (EPFO)-তে অন্তর্ভুক্ত হওয়ার ঊর্ধ্বসীমা একধাক্কায় ১০ হাজার টাকা বাড়িয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। আগে ইপিএফও-তে বাধ্যতামূলকভাবে সংযুক্ত করা হত কর্মীদের বেসিক বেতন সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত হলে। এবার সেই ঊর্ধ্বসীমাটা বাড়িয়ে করা হল ২৫ হাজার টাকা। এর ফলে একদিকে যেমন নতুন করে বহু বেসরকারি কর্মী একসঙ্গে ইপিএফওর অন্তর্ভুক্ত হবেন, তেমনই কর্মীদের সঞ্চয়ও অনেকটা বাড়বে।

বর্তমানে দেশে চালু থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডস অ‌্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস অ‌্যাক্ট ১৯৫২ অনুযায়ী, যে সমস্ত কর্মীর বেতনের বেসিক ১৫ হাজার বা তার কম হত, তাদেরই অন্তর্ভুক্ত করা হয় ইপিএফও-তে। এবার তার পরিসর বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল, এবার যাদের বেসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত তাঁদেরও বাধ্যতামূলকভাবে ইপিএফও’র সদস্য করা হবে। যার অর্থ, অধিকাংশ সংগঠিত সংস্থা এবং প্রায় সমস্ত বেতনসীমার কর্মীই ইপিএফও-ভুক্ত হবেন। বর্তমানে সাড়ে সাত কোটির বেশি গ্রাহক রয়েছে ইপিএফ-এ। এবার সেটা আরও প্রায় ৫১ লক্ষ বাড়বে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই সিদ্ধান্তের ফলে আরও যে বিরাট পরিবর্তন হবে, সেটা হল কর্মীদের সঞ্চয় বৃদ্ধি। কর্মীদের বেসিক বেতন যাই হোক, এতদিন মোট ১৫ হাজার টাকার বেশি বেসিক ধরে ইপিএফও-তে সঞ্চয় করা যেত না। সর্বোচ্চ ১৫ হাজার টাকার ১২.৫ শতাংশ অর্থাৎ ১৮০০ টাকা কর্মীরা জমা করতে পারেন ইপিএফও-তে। একই পরিমাণ যোগদান করে সংস্থাও। বেতনের ঊর্ধ্বসীমা যদি ২৫ হাজার টাকা করে দেওয়া হলে এই যোগদানটা বেড়ে হবে ৩ হাজার ২০০ টাকা। একই অঙ্ক দেবে সংস্থাও। ফলে কর্মীদের ভবিষ্যতের সঞ্চয় অনেকটা বাড়বে। তবে সামান্য কমে যেতে পারে হাতে আসা বেতন।

সরকারি সূত্র বলছে, শেষবার ২০১৪ সালে ইপিএফের বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছিল। গত ১২ বছর সেটা অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে সরকারি কর্মীদের বেতন এবং খরচ দুই-ই বেড়েছে। সেকারণেই ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত। এর ফলে সরকারের বার্ষিক খরচ হবে ১১ হাজার ৩৩৯ কোটি টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.