সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূল্যবৃদ্ধির দৌলতে প্রতিদিন দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে ফলমূল, আনাজপাতি সব কিছুরই৷ বাজার গেলে ক’টা টাকা বাড়িতে ফিরিয়ে আনা যাবে তা নিয়ে চিন্তিত দেশের আম-আদমি৷ এর মধ্যেই গোদের উপর বিষফোঁড়া, বাড়তে চলেছে ইন্টারনেট, বেড়ানো এবং রেস্তোরাঁতে খাওয়ার খরচ৷ আগামী ১ জুন থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম৷
আগামী ১ জুন থেকে কার্যকর হবে কৃষি কল্যাণ কর৷ গত সাধারণ বাজেটে এই নতুন কর চালু করার প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ এরফলে এবার থেকে ০.৫ শতাংশ হারে কর বসাতে চলেছে কেন্দ্র৷ ফলে ইন্টারনেট থেকে মোবাইল বিল, বেড়ানো থেকে স্পা ট্রিটমেন্ট, ব্যাঙ্কের লেনদেন থেকে রেস্তোঁরায় খাওয়া, বাড়তে চলেছে সবেরই খরচ৷ এই নতুন চালু হওয়া করের দৌলতে আগামী মাস থেকে পরিষেবা কর মোট ১৪.৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ১৫ শতাংশে৷ ধরুন, আপনি কোন এসি রেস্তোরাঁয় খেতে গিয়েছেন, তখন আপনার মোট বিলের উপর ১৪ শতাংশ পরিষেবা কর নেয় কেন্দ্রীয় সরকার৷ এর সঙ্গে যুক্ত হয় ০.৫ শতাংশ হারে স্বচ্ছ ভারত কর৷ তার মানে এতদিন আপনি মোট ১৪.৫ শতাংশ পরিষেবা কর দিতেন৷ এবার থেকে সেই করের হার, কৃষি কল্যাণ করের দৌলতে আরও ০.৫ শতাংশ বাড়বে৷
তাই যদি ভেবে থাকেন আদরের জামাইকে জামাইষষ্ঠীতে রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে যাবেন তবে প্রস্তুত হন, পকেটে আগুন লাগল বলে৷
সর্বশেষ খবর
-
নিট-কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা কংগ্রেসের, কাঁটা ঝাড়খণ্ড, কোন পথে তৃণমূল?
-
পিতৃহারা মেসিকে গোল উৎসর্গ, জার্সি খুলে বিশেষ বার্তা ‘বন্ধু’ ডি পলের, ভাইরাল ভিডিও
-
‘দল ভারী করার নামে ‘চোর-বাটপাড়’দের বিজেপিতে নয়’, কড়া বার্তা বিজেপি বিধায়কের
-
ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ, স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?