সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর আগের সেই রাতের ঘটনার কথা মনে পড়লে আজও দেশবাসীর চোখ জলে ভেজে৷ এক মা তাঁর সন্তানকে হারিয়েছিলেন৷ আর দেশ হারিয়েছিল নির্ভয়াকে৷ শুক্রবার তাঁর উপর হওয়া চরম নির্যাতনের বিচার হয়েছে৷ দোষীদের ফাঁসির সাজাই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত৷ আর তারপরই এক মহিলা পুলিশকর্মী জানালেন, চলে যাওয়ার আগে নির্ভয়া তাঁকে কী বলে গিয়েছিলেন৷
পুলিশ আধিকারিক ছায়া শর্মা৷ যিনি বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে যুক্ত৷ সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর তিনি বলেন, “নির্ভয়া কাতর স্বরে বলেছিল যাঁরা আমার সঙ্গে এমনটা করল, তাদের ছেড়ে দেবেন না৷ ছায়া শর্মার মতে, আজ এই মামলার বিচার পাওয়া সম্ভব হয়েছে শুধুমাত্র নির্ভয়ার জন্যই৷ তাঁর জবানবন্দিই দোষীদের সাজা দিয়েছে৷
[বিনা অনুমতিতে কাশ্মীরে চলছে পাক-সৌদি চ্যানেল, বন্ধের নির্দেশ কেন্দ্রের]
এদিন যেন নতুন করে সেই সব দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছিল মানবাধিকার কমিশনের কর্মীর৷ প্রথমবার হাসপাতালে ২৩ বছরের নির্ভয়ার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাঁর৷ যখন গণধর্ষণের পর বাঁচার তীব্র লড়াই চালাচ্ছিলেন ভারতকন্যা৷ ছায়া জানাচ্ছেন, “অন্যান্য নির্যাতিতাদের মতো তখনও মুষড়ে পড়েননি নির্ভয়া৷ তাঁর চোখে-মুখে ঘুরে দাঁড়ানোর তাগিদ দেখেছিলাম৷” সেই অবস্থাতেও পুলিশকে যথাসাধ্য সাহায্য করেছিলেন ওই সাহসী কন্যা৷ সেই সময় সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট উষা চতুর্বেদী নির্ভয়ার বয়ান রেকর্ড করেছিলেন৷ চরম নির্যাতন সহ্য করার পর নির্ভয়া তাঁকে বলেছিলেন, “ধর্ষকদের শুধু ফাঁসির সাজা দিলেই হবে না৷ তাদের গায়ে যেন আগুন লাগিয়ে দেওয়া হয়৷” অসহ্য যন্ত্রণার মধ্যেও চার পাতার বয়ান দিয়েছিলেন তিনি৷
[দিল্লিতে স্কুলের পাশে গ্যাস লিক, অসুস্থ শতাধিক পড়ুয়া]
সেই সাহসী কন্যা বিচার পাওয়ায় অনেকটা স্বস্তি পেয়েছেন এই মানুষগুলি৷ কিছুটা হলেও ক্ষতে মলম পড়েছে দেশবাসীর৷ গণধর্ষিতা নির্ভয়া যখন মৃ্ত্যুর সঙ্গে যুঝছেন, তখন পথে নেমেছিল গোটা দেশ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছিল৷ শুক্রবার সর্বোচ্চ আদালত জানাল, এ এমন এক অপরাধ যা এই গ্রহের সঙ্গে মানানসই নয়৷ অর্থাৎ ‘রেয়ারেস্ট অফ দ্য রেয়ার’-এর তকমা থেকেও ঘৃণ্যতম বলা হল এ অপরাধকে৷ সুতরাং মৃত্যুদণ্ডের বাইরে এর কোনও দ্বিতীয় সাজা হতে পারে না৷
সর্বশেষ খবর
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি