সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৈনিক সর্বোচ্চ ৯ ঘণ্টার বদলে এবার কি তবে ১২ ঘণ্টা কাজ করতে হবে? খসড়া প্রস্তাবে তেমনই জানিয়েছে শ্রম মন্ত্রক (Labour Ministry)। যদিও মন্ত্রকের এই প্রস্তাব চূড়ান্ত হয়নি। তা করতে সকলের পরামর্শ চেয়ে পাঠিয়েছে কেন্দ্রের এই মন্ত্রক। সেসব গ্রহণ করে, আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে খবর।
এতদিন পর্যন্ত নিয়ম অনুযায়ী, সপ্তাহে ৬ দিন প্রত্যহ ৮ ঘণ্টা করে কাজ করতে হতো কর্মীদের। প্রতি সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ – এই সময়সীমা একই থাকছে বলে খবর। তাহলে বাড়তি সময় কাজ করতে হবে কখন? সেই হিসেবও বিস্তারিতভাবে খসড়ায় জানিয়েছে শ্রম মন্ত্রক। ওভারটাইম অর্থাৎ কাজের বাইরে খুব বেশি হলে ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করতে হতো। অর্থাৎ কোনও কোনও দিন ৮ ঘণ্টার বদলে ৯ ঘণ্টা কাজ করতেন কর্মীরা।
[আরও পড়ুন: সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ফের গুলি পাকিস্তানের, রাজৌরিতে শহিদ সেনা জওয়ান]
কিন্তু শ্রম মন্ত্রকের খসড়া (Draft) প্রস্তাব অনুযায়ী, এবার থেকে প্রয়োজনে এক ঘণ্টা নয়, চারঘণ্টা বেশি সময় কাজ করতে হতে পারে। অর্থাৎ দিনে সর্বোচ্চ ১২ ঘণ্টা কাজের প্রস্তাব রাখতে চলেছে মন্ত্রক। তবে দিনে যত ঘণ্টাই কাজ করুন না কেন কোনও কর্মী, সপ্তাহে তাঁর কাজের সময়ে ৪৮ ঘণ্টার বেশি করা যাবে না কোনওভাবেই।
সংসদের গত অধিবেশনে শ্রম মন্ত্রকের তরফে কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্য ও কাজের পরিবেশ সংক্রান্ত তিনটি বিল পাশ করানো হয়েছিল। এই নতুন আইনের আওতায় এবার দৈনিক সর্বোচ্চ ১২ ঘণ্টার কাজ প্রস্তাবটি আনা হয়েছে বলে মন্ত্রক সূত্রে খবর। এ নিয়ে মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানাচ্ছেন, “একেবারে জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা দৈনিক কাজের সময়সীমা বাড়ানোর প্রস্তাব এনেছি। এতে যেমন কাজ দ্রুতগতিতে হবে, তেমনই কর্মীরাও অতিরিক্ত উপার্জনের সুযোগ পাবেন। আগে খুব বেশি হলে ১ ঘণ্টার জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া যেত। এখন তা আরও বাড়ছে। শ্রমিকস্বার্থেই এই সিদ্ধান্ত।”
[আরও পড়ুন: হাথরাসে ‘ধর্মীয় উসকানি’ দিতে যাচ্ছিলেন কেরলের ‘সাংবাদিক’, সুপ্রিম কোর্টে দাবি পুলিশের]
এ নিয়ে শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, এভাবে ঘুরপথে কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র, যা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
সর্বশেষ খবর
-
মনুর হতাশার দিনে শুটিংয়ে রুপো এষার, এল ব্রোঞ্জও, এশিয়াড পদক নিশ্চিত করলেন লভলিনা
-
জিউ-রাধারানির কানে তুলো দিয়ে শয়নের পর বলি, বাংলার এই বনেদি বাড়িতে পূজিত হন চতুর্ভুজা দুর্গা
-
‘বাদল গেছে টুটি’! বঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া, আর কী পূর্বাভাস?
-
‘শান্তি স্থাপনে প্রস্তুত, কেয়ামতের জন্যও তৈরি’, হরমুজ প্যাঁচে দিশাহারা ট্রাম্পের কোর্টে বল ফেলল ইরান
-
বিদেশের মাটিতে দেশি ফ্লেভার, ‘দেশু ৭’ উন্মাদনার মাঝে জাপানে ‘মালা রে’ ম্যাজিক, ভাইরাল ভিডিও