Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Smit Machchhar PM Modi

‘ভারতীয়রা প্রাণ কাড়ে না, জীবন বাঁচায়’, স্মিতকে কুর্নিশ মোদির, ট্রাম্প-শাহবাজকে নিশানা?

কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন নিজের জীবন বিপন্ন, তখন অসীম বুদ্ধিমত্তা এবং সাহসের পরিচয় দিয়েছেন স্মিত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৩:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৩:০৩

options
link
‘ভারতীয়রা প্রাণ কাড়ে না, জীবন বাঁচায়’, স্মিতকে কুর্নিশ মোদির, ট্রাম্প-শাহবাজকে নিশানা? zoom
Advertisement

রক্তাক্ত অবস্থাতেও নিজের কর্তব্যে অবিচল থেকে শতাধিক প্রাণ বাঁচিয়েছেন। সেই বীর পাইলট স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছুরির আঘাতে আহত হয়ে স্মিত আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকেই ভিডিও কলে শুক্রবার কথা বলেন তিনি। কথোপকথনের সময়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মোদি। বলেন, ভারতীয়রা কখনও প্রাণ কেড়ে নেয় না, বরং জীবন রক্ষা করে। সেটাই স্মিত আবারও করে দেখিয়েছেন।

৯/১১-এর মতো মর্মান্তিক দুর্ঘটনা হতে পারত। মৃত্যু হতে পারত শয়ে শয়ে মানুষের। কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে অসীম সাহসিকতার নিদর্শন রেখেছেন ফ্লাইদুবাই উড়ানের ভারতীয় পাইলট। গুজরাটের ভূমিপুত্র স্মিতের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার তাঁর কথা হল স্মিতের সঙ্গে। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন নিজের জীবন বিপন্ন, তখন অসীম বুদ্ধিমত্তা এবং সাহসের পরিচয় দিয়েছেন স্মিত। ভারতীয় পাইলটের এমন বীরত্ব দেখে গোটা দেশ গর্বিত, বলেছেন মোদি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্মিতের মা আগেই প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, তিনি গীতার শিক্ষা দিয়ে ছেলেকে বড় করেছেন। সেকথা উল্লেখ করে এদিনের কথোপকথনে মোদি বলেন, “আপনার মধ্যে গীতার সংস্কার রয়েছে। আপনি গোটা বিশ্বের সামনে সেই সংস্কৃতি তুলে ধরেছেন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনি বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছেন। গোটা দেশকে গর্বিত করেছেন। আগামী দিনে গোটা বিশ্ব ভারতীয় পাইলটদের কোন চোখে দেখবে, আপনি নিজের সাহসিকতার মাধ্যমে সেই দিশা দেখিয়েছেন।” বিশ্লেষকদের একাংশ মনে করছে, যদি বিমান ক্র্যাশ করত বা হাইজ্যাক হয়ে যেত তাহলে সন্দেহভাজনদের তালিকায় ভারতীয় পাইলটের নামও জুড়ে যেতে পারত। কিন্তু সেটা রুখে দিয়েছেন স্মিত। উঁচু হয়েছে ভারতীয় পাইলটদের মাথা। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে আমেরিকা-ইরান যুদ্ধ-ভারত বারবার যুদ্ধ বন্ধের বার্তা দিয়েছে। পাক মদতপুষ্ট সন্ত্রাসে প্রচুর মানুষের মৃত্যু-সেই নিয়েও পাকিস্তানকে বারবার কড়া কথা শুনিয়েছে নয়াদিল্লি। মোদি এদিন সেই ইস্যুতে কোনও কথা না বললেও বিশ্লেষকরা মনে করছেন, এই দেশগুলির প্রতি একটা প্রচ্ছন্ন বার্তা রয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, যুদ্ধরত দেশ বা সন্ত্রাসকে মদত দেওয়া দেশগুলির মতো প্রাণহানি ঘটায় না ভারতীয়রা। বরং সর্বস্ব দিয়ে জীবন রক্ষা করতে এগিয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.