সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের গ্রামীণ এলাকায় অবস্থিত ৬৫০টি ডাকঘরকে নগদ ব্যাঙ্ক হিসাবে গড়ে তোলা হবে৷ কেন্দ্র সরকার এর জন্য ২০১৭-র সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ প্রকল্পটিতে সরকার শুরুতেই ৮০০ কোটি টাকা অনুমোদন করেছে৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাপারে সবুজ সংকেত মিলেছে৷ এর ফলে গ্রামীণ ভারতের যে সব এলাকায় বাণিজ্যিক ব্যাঙ্ক বা সমবায় ব্যাঙ্ক নেই সেখানকার মানুষ উপকৃত হবেন৷ ভবিষ্যতের জন্য গ্রামীণ মানুষের মধ্যে নিরাপদ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং তাদের সেই সুবিধা দেওয়াই সরকারের লক্ষ্য৷
বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, ডাকঘর নগদ ব্যাঙ্কের (ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক) প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ দেশে বর্তমানে ১ লাখ ৫৪ হাজার ডাকঘর রয়েছে৷ এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ডাকঘরই গ্রামে৷ প্রাথমিকভাবে গ্রামীণ এলাকার ৬৫০ ডাকঘরকে নগদ ব্যাঙ্ক হিসাবে গড়ে তোলা হবে৷
এই ধরনের ডাকঘর নগদ ব্যাঙ্কের কাজকর্ম হবে বাণিজ্যিক ব্যাঙ্কের মতোই৷ ব্যাঙ্কে টাকা জমা করা যাবে এবং চাইলেই যে কোনও সময় তা তোলাও যাবে৷ সুদ মিলবে সময় সময় সরকার নির্ধারিত হারে৷ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও কেওয়াইসি (গ্রাহকের সম্পূর্ণ পরিচয় সংক্রান্ত তথ্য)-সহ নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে৷ মন্ত্রী জানিয়েছেন, একজন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) থাকবেন ব্যাঙ্কের শীর্ষে৷ পেশাদারি ভাবেই ব্যাঙ্ক পরিচালনা হবে৷ পরিচালন বোর্ডে ডাক বিভাগ, ব্যয় বিভাগ এবং আর্থিক পরিষেবা বিভাগ থেকেও প্রতিনিধি থাকবেন৷ এই ব্যাঙ্ক গঠনে ইক্যুইটি হিসাবে ৪০০ কোটি এবং অনুদান হিসাবে ৪০০ কোটি, মোট ৮০০ কোটি টাকা ব্যয় করা হবে৷
বর্তমানে ডাকঘরের কোর ব্যাঙ্কিং নেটওয়ার্কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) চেয়েও বেশি শাখা যুক্ত রয়েছে৷ দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান এসবিআইয়ের নেটওয়ার্কে যেখানে ১,৬৬৬ টি শাখা, সেখানে ভারতীয় ডাকঘরের নেটওয়ার্কে রয়েছে ২২,১৩৭ টি শাখা৷
সর্বশেষ খবর
-
পয়া জাপানে জোড়া রুপো, এশিয়াডে অবশেষে পদক জিতে চানু বললেন, ‘অলিম্পিকের চেয়ে কম নয়’
-
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বিতর্কে আয়ুষ্মান খুরানা! কী সাফাই অভিনেতার?
-
স্পেশাল ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ময়নাগুড়ির শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
-
এবার ভারত মহাসাগরে ছড়াবে ইরান যুদ্ধের আগুন! ‘নতুন ফ্রন্টে’র হুমকি খামেনেইয়ের উপদেষ্টার
-
‘অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নির্বাচনে অংশ নিক’, নন্দীগ্রামের কং প্রার্থী মিলনকে নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের