সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশ মহিলাদের জন্য নিরাপদ নয়৷ দেশের বিভিন্ন প্রান্তে ঘটতে থাকা নারী নিগ্রহ, ধর্ষণের ঘটনায় অন্তত সে কথাই প্রমাণ হয়৷ যে দেশে একজন মহিলা একই দুষ্কৃতীদের হাতে বারবার ধর্ষিতা হন, সেখানে মহিলাদের নিরাপত্তা আর কতখানি! এও যেমন সত্যি, তেমন এর বিপরীত ছবিটাও আছে৷ এ দেশেরই এক মহিলা প্রায় সারা দেশ একা ঘুরে প্রমাণ করে দিয়েছেন, মেয়েরা এ দেশেও কতখানি নিরাপদ৷
কে তিনি? তিনি এষা গুপ্তা৷ হোটেল ম্যানেজমেন্টের এই ছাত্রী বড় কর্পোরেট সংস্থায় চাকরী করতেন৷ কিন্তু চার দেওয়ালের চাকরি তাঁর ভাল লাগেনি৷ উপরন্তু এই দুনিয়াকে অনেকটাই পুরুষশাসিত বলে মনে হয়েছিল তাঁর৷ অগত্যা মুক্তির সন্ধানে একদিন বেরিয়ে পড়েন৷ কিন্তু একা মহিলার কি ঘুরে বেড়ানো নিরাপদ! ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘জব উই মেট’ ছবিটি৷ যেখানে করিনা কাপুর অভিনীত চরিত্রটিকে সাবধান করে দিয়ে একজন বলেছিলেন, একলা মেয়ে খোলা সিন্দুকের মতো৷ সত্যিই কি তা? সত্যিই কি দেশ মহিলাদের জন্য এতটাই বিপজ্জনক৷ তার উত্তর খুঁজতেই ২০১১ সালে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন৷ সঙ্গী বলতে একটা বাইক৷ তারপর ঘুরে ফেলেছেন প্রায় গোটা দেশ৷ ১৬টি রাজ্যে ঘুরতে ঘুরতে বহু ঘটনা জমা হয়েছে তাঁর অভিজ্ঞতার ঝুলিতে৷ কিন্তু কোনও কিছুতেই মনে হয়নি যে দেশ, মহিলাদের জন্য নিরাপদ নয়৷

তবে একেবারেই কি ভয় করেনি? এষা জানাচ্ছেন, তাঁর দর্শন ছিল অন্যরকম৷ নিজেকে তিনি বুঝিয়েছিলেন, জীবনে যদি খারাপ কিছু ঘটে থাকে, তবে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও৷ আর দুর্ঘটনা যদি কিছু ঘটে থাকে তবে তা নিয়তি৷ তাকে কখনওই এড়ানো যায় না৷ এই মন্ত্রেই এসেছে সাফল্য৷ সারা দেশ বাইকে ঘুরেছেন তিনি নিরাপদেই৷ আর তাই সরল নারীদের উদ্দেশে তাঁর বার্তা, খবরের কাগজ পড়ে দেশ সম্পর্কে ভয় না পাওয়ার৷ বরং চার দেওয়ালের বাইরে বেরলেই যে দেশকে সঠিকভাবে চেনা যায়, সে কথাই সকলকে জানাতে চান তিনি৷
সর্বশেষ খবর
-
কতটা জমল ‘বিবি বক্সী’ ইশার ছকভাঙা গোয়েন্দা সিরিজ? পড়ুন রিভিউ
-
এবারের ষষ্ঠীতে স্পেশাল মিষ্টিমুখ, জামাইকে খাওয়ান আমের পায়েস, রেসিপি জানেন?
-
‘বুঝেছেন ভুল সিঁড়িতে পা পড়েছে’, কোয়েলের পদত্যাগে মন্তব্য রুদ্রনীলের, উঠল ডিম প্রসঙ্গও!
-
টি-২০ অধিনায়ক হতেই মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিলেন শ্রেয়স, প্রতি মাসে কত খসবে?
-
সুযোগ পেলেই নাবালক-নাবালিকাদের যৌন হেনস্তা তরুণীর! কুকর্মের বিরুদ্ধে দায়ের মামলা