সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুমানোর সময় ‘নাক ডাকে’ বাবা। আর বাবার সেই নাক ডাকাটাই সহ্য করতে না পেরে প্রথমে ঝগড়া এবং পরে লাঠি দিয়ে বাবাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পিলভিট (Pilbhit) জেলার সৌধা গ্রামের। ইতিমধ্যে ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ৬৫ বছর বয়সি মৃত রামস্বরূপের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত ছেলে।
[আরও পড়ুন: ভারতে ঢুকে ১ হাজার কোটির কেলেঙ্কারি! আয়কর বিভাগের নজরে চিনা নাগরিক]
জানা গিয়েছে, রামস্বরূপ ওই গ্রামে স্ত্রী এবং দুই ছেলে নবীন এবং মুকেশকে নিয়ে থাকতেন। ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার রাতে ছোট ছেলেকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন রামস্বরূপের স্ত্রী। এর আগেও বাবার সঙ্গে বড় ছেলে নবীনের একাধিকবার ঝামেলা হলেও এদিনের ঝামেলা অন্যমাত্রা পেয়েছিল। এদিন প্রথমে বাবার নাক ডাকা নিয়ে তাঁর সঙ্গে ঝগড়া শুরু করে ছেলে। তারপরই মারমুখী হয়ে ওঠে সে। একটি লাঠি দিয়ে নিজের বাবাকেই বেধড়ক মারতে থাকে। মারের চোটে খাটের থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। এরপরই সেখান থেকে পালিয়ে যায় নবীন। খবর পেয়ে বাড়ি ফিরে আসে ওই বৃদ্ধের ছোট ছেলে মুকেশ। এরপর গুরুতর আহত বাবাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: চোখের নিমেষে আগুনের গ্রাসে গোটা বাস, পুড়ে মৃত্যু অন্তত ৫ জনের]
খবর পেয়ে আসে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে এখনও পলাতক অভিযুক্ত নবীন। তাঁর খোঁজে চলছে চিরুণী তল্লাশি। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিকের বক্তব্য, ‘‘ঘরোয়া হিংসার কারণেই এই ঘটনা ঘটেছে। গত রাতে নাক ডাকা নিয়ে বাবা ও ছেলের মধ্যে ঝামেলা হয়। এরপরই রেগে গিয়ে বাবাকে মারতে থাকে ছেলে। তাতেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। আপাতত তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।’’
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত