রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্যে বিজেপির সভার জন্য মাঠের অনুমতি দেওয়া হচ্ছে না। হেলিপ্যাড এর অনুমতি দিচ্ছে না প্রশাসন। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল, যাত্রা না হলেও সভা করতে পারবে বিজেপি। শুধু রাজ্য প্রশাসনকে জানালেই হবে। কিন্তু অনুমতি না দিয়ে আদালত অবমাননা করছে রাজ্য সরকার বা প্রশাসন। তাই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করছে বিজেপি। মঙ্গলবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এখবর জানালেন।
প্রসঙ্গত, রাজ্যে লোকসভা নির্বাচনের আগে একাধিক জনসভার কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। যোগী আদিত্যনাথ, শিবরাজ সিং চৌহান, বিপ্লব দেব, স্মৃতি ইরানিদের মতো শীর্ষ নেতৃত্বকে দিয়ে সভা করিয়ে বাংলায় জমি শক্ত করতে মরিয়া বিজেপি। কিন্তু একাধিক জায়গায় কেন্দ্রীয় নেতা-নেত্রীদের সভা করতে বাধা দিচ্ছে প্রশাসন বলে অভিযোগ বিজেপির। এমনকী তাঁদের হেলিকপ্টার নামানোর জন্য হেলিপ্যাড তৈরির অনুমতি দেওয়া হচ্ছে না বলে সরব রাজ্য নেতৃত্ব। গত রবিবার বালুরঘাট এবং রায়গঞ্জে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দুটি সভা করার কথা থাকলেও, তা হতে পারেনি কপ্টার নামানোর স্থানাভাবে। ওই দিন তিনি টেলিফোনেই ভাষণ দিয়েছেন। মঙ্গলবারের সভা নিয়েও অনিশ্চয়তা ছিল ঘোর। দীর্ঘ টানাপোড়েনের পর ঠিক হয়, ঝাড়খণ্ডে নামবে যোগীর কপ্টার। সেখান থেকে সড়কপথে তিনি পৌঁছবেন পুরুলিয়ার নবকুঞ্জ ময়দানের সভায়। সেই মতো এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ সভামঞ্চে পৌঁছে যান তিনি। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, শাহনওয়াজ হোসেনের সভাও বাতিল হয়েছে হেলিপ্যাডের জায়গা না মেলায়। সবমিলিয়ে সভা বাতিলের ইস্যুতে রাজ্য প্রশাসনের উপর ক্ষুব্ধ বিজেপি।
[‘তৃণমূলী গুন্ডা’ দমনের হুঁশিয়ারি, যোগীর ভোকাল টনিকে চাঙ্গা গেরুয়া শিবির]
তাই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করছে বিজেপি। মঙ্গলবার রাজ্য বিজেপির সদর দপ্তরে দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, প্রশাসনের এই অসহযোগিতার জন্য সুপ্রিম কোর্টে মামলা করছেন তাঁরা।
সর্বশেষ খবর
-
বেনজির উদ্যোগ রাজ্যের, শিয়ালের কামড়ে মৃতের পরিবারকেও আর্থিক সাহায্য ও চাকরি ঘোষণা
-
অন্ধকারে ডুবছে বাংলাদেশ! বিপদে সহায় সেই ভারত, পাইপ লাইনে যাচ্ছে টন টন ডিজেল
-
ভারতের সঙ্গে মুক্তিবাণিজ্য চুক্তিতে অনুমোদন নিউজিল্যান্ড সংসদের, কতটা লাভবান হবে দেশ?
-
দলে ভিনি-রাফিনহার মতো তারকা, নামানো যাবে মাঠে? যুবভারতী নিয়ে ব্রাজিলের চূড়ান্ত রিপোর্ট
-
পুজোর আগে চুলের জেল্লা ফেরাতে ডিম থেরাপি! আঁশটে গন্ধ দূর হবে ৫ ঘরোয়া টোটকায়