স্টাফ রিপোর্টার: বাংলার আকাশে হাজির ঘূর্ণাবর্ত৷ সঙ্গে নিম্নচাপের আশঙ্কা৷ তবে তা বাস্তব হবে কি না বোঝা যাবে আজ দুপুরের মধ্যে৷ এমনটাই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা৷ তবে ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘন্টায় দুই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ সপ্তাহ দু’য়েক আগের নিম্নচাপ আর ব্যারেজগুলি থেকে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বাঁকুড়া, হুগলি, বর্ধমান ও হাওড়া-সহ একাধিক জেলায়৷ সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের নিম্নচাপের ভ্রুকুটি৷ ফলে দুশ্চিন্তার ভাঁজ রাজ্য প্রশাসনের কর্তাদের কপালে৷
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়৷ ধীরে ধীরে সেটি আরও ঘনীভূত হচ্ছে৷ ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হলে তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা৷ ঘূর্ণাবর্তের জেরে এদিন সকাল থেকে বৃষ্টি হয় কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি ও নদিয়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও৷ রবিবার দিনভর দুই বঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস৷ সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা৷
আবহাওয়া দফতরের পূর্বাভাসের পরই সতর্ক করে দেওয়া হয়েছে সেচ দফতরের আধিকারিকদের৷ তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও৷ জেলা প্রশাসনগুলিকেও সতর্ক করা হয়েছে৷ সেচ দফতরের আধিকরিকদের ছুটি বাতিল করা হয়েছে৷ পরিস্থিতির দিকে ২৪ ঘন্টা নজর রাখতে বলা হয়েছে৷
আবহাওয়াবিদদের দাবি, এখনও সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু৷ তার জেরে শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্বাভাবিক বর্ষার বৃষ্টি হয়েছে৷ বর্ষা বিদায় নিতে আরও বেশ কিছুদিন৷ সাধারণত বর্ষা বিদায় নেওয়ার আগে বেশ কয়েকটা নিম্নচাপ তৈরি হয় বঙ্গোপসাগরে৷
ইতিমধ্যেই জেলায় জেলায় বাঁধগুলিতে নজরদারির কাজ শুরু হয়ে গিয়েছে৷ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় প্রতিটি নদীবাঁধেই ২৪ ঘন্টার টহলদারির ব্যবস্থা রয়েছে৷ জলাধারগুলিতেও বাড়ানো হয়েছে নজরদারি৷ এদিন দুপুর থেকে টানা বৃষ্টির জেরে উত্তর কলকাতার একাধিক জায়গায় জল জমে যায়৷ মাত্র তিন ঘণ্টায় শহরে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার