অভিরূপ দাস: পুরসভা বাজেটের আগেই বড় ঘোষণা। অনলাইনে বাড়ির কর মেটালেই মিলবে এক শতাংশ অতিরিক্ত ছাড়।
লক্ষ্য একটাই, পুরসভায় যেন কাউকে আসতে না হয়। বহুদিন ধরেই এমনটা বলছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এর একটা কারণ প্রবীণদের যাতায়াতের অসুবিধাও। প্রায়ই টক টু মেয়রে ফোন আসে। ‘‘বয়স আশি পেরিয়েছে। পুরসভায় আসা সম্ভব নয়। দয়া করে বাড়িতে লোক পাঠানোর ব্যবস্থা করুন।’’ এসব সমস্যা মেটাতেই খোলা হয়েছে চ্যাটবট সার্ভিস। ৮৩৫৫৯৯৯১১১ নম্বরে বাড়িতে বসেই সমস্ত অভিযোগ জানানো যায় মেয়রকে। শুক্রবার পুরসভায় মেয়র জানান, ‘‘আমরা চাইছি পুরো ট্যাক্স ব্যবস্থাটাই অনলাইনে হোক। মানুষকে কষ্ট করে ট্রেজারিতে যেন আসতে না হয়। সেটার জন্যই আমরা এবার থেকে অতিরিক্ত এক শতাংশ কর ছাড় দিচ্ছি।’’ সাধারণ ছাড় যা ছিল সে সব তো মিলবেই। অনলাইনে সম্পত্তি কর দিলে মিলবে এক শতাংশ অতিরিক্ত ছাড়। অনলাইনে কর ছাড় দেওয়ার ঊর্ধ্বসীমাও ঠিক করেছে পুরসভা। ঠিক হয়েছে অনলাইনে কর দিলে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।
[আরও পডুন: মোদি ক্ষমতায় ফিরলেও ২০১৯ লোকসভার তুলনায় কমবে আসন? প্রকাশ্যে সমীক্ষার রিপোর্ট]
ত্রিশ হাজার টাকা বাড়ির কর হলে তার এক শতাংশ তিনশো টাকা। যেহেতু অনলাইনে ছাড়ের ঊর্ধ্বসীমা দুশো টাকা, সে ক্ষেত্রে অনলাইনে কর দিলে তিনশো নয়, দুশো টাকা-ই ছাড় পাওয়া যাবে। অর্থাৎ যাঁর বাড়ির কর ত্রিশ হাজার টাকা, তিনি অনলাইনে কর দিলে ২৯ হাজার আটশো টাকা কর দিতে হবে। মেয়র জানান, পুরসভায় আসার ঝক্কি থেকে বাঁচবেন করদাতা। তেমনই বাঁচবে বাসভাড়া। সঙ্গে দুশো টাকাও। ইতিমধ্যেই সম্পত্তিকর আদায়ে রেকর্ড সৃষ্টি করেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সূত্রের খবর, সম্পত্তিকর আদায় ২০২২-২৩ বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ২০২২-’২৩ অর্থবর্ষে গত অক্টোবর পর্যন্ত আদায় হয় প্রায় ৮০০ কোটি, চলতি অক্টোবর পর্যন্ত তা ১০৪০ কোটি টাকা।
[আরও পড়ুন: ‘রিভাবার জন্যই সংসার ভেঙেছে! ছেলের মুখ দেখি না’, বিস্ফোরক জাদেজার বাবা]
সর্বশেষ খবর
-
জুটমিলে চাকরি হারিয়ে পেটের দায়ে তারাতলায় কাজ কৃষ্ণর, ছেলের মৃত্যুতে শোকে পাথর বৃদ্ধা মা
-
‘ভুল হয়েছিল, রি-নিটে শুধরে নিয়েছি’, প্রশ্নফাঁস নিয়ে স্বীকারক্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
বাংলায় শুরু হচ্ছে জনগণনার কাজ, বিএলও’র পর ফের বড় দায়িত্বে শিক্ষকরা
-
তারাতলা বিপর্যয়ে গ্রেপ্তার ৩, মুখ্যমন্ত্রীর নির্দেশের ঘণ্টাদেড়েকের মধ্যেই ‘অ্যাকশন’
-
শূন্য কাটিয়ে এবার নজর সংখ্যালঘু ভোটে, আত্মবিশ্লেষণে আগস্টেই বিশেষ অধিবেশন সিপিএমের