সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বউবাজার বিপর্যয়ের ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রস্তাবেই রাজি মেট্রো রেল কর্তৃপক্ষ। আপাতত ক্ষতিগ্রস্তদের পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলেই ঘোষণা করা হয়েছে। পরবর্তীকালে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
[আরও পড়ুন: ‘শিক্ষকদের বদলির ক্ষেত্রে আরও মানবিক হোন’, পরামর্শ মুখ্যমন্ত্রীর]
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জেরে টানেল তৈরির কাজ চলছিল। তার জেরেই বিপর্যয়ের শিকার বউবাজারের একাধিক বাড়ি। তার মধ্যে বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যেই ভেঙে পড়েছে। দাঁড়িয়ে থাকা বাড়িগুলির অবস্থাও বিশেষ ভাল না। যেকোনও মুহূর্তে ওই বাড়িগুলিও হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তার জেরে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে বাসিন্দাদের। মাথার গোঁজার ঠাঁই হারিয়ে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বউবাজারের ঘরহারাদের। তাঁদের পাশে দাঁড়িয়ে আগেই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো কর্তৃপক্ষেরও জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়ি দেওয়া উচিত বলেই জোরালো সওয়াল করেছিলেন তিনি। দেরিতে হলেও মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবেই সায় দিল মেট্রো রেল কর্তৃপক্ষ।
কেএমআরসিএলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বউবাজারে বিপর্যয়ের শিকার পরিবারগুলিকে অবিলম্বে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। পরবর্তীকালে তাঁদের দেওয়া হবে বাড়ি। এমনকী, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে সকলকেই আর্থিক সাহায্য করা হবে। আপাতত ঘরহারাদের থাকা-খাওয়ার সমস্ত খরচ দেবে মেট্রো কর্তৃপক্ষ। সেক্ষেত্রে যদি কেউ চান নিজে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবেন, সেক্ষেত্রে তাঁর খরচও বহন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অথবা মেট্রোর তরফে ব্যবস্থা করা কোনও বাড়িতে আপাতত দিন কাটাতে পারেন বিপদগ্রস্তরা।
[আরও পড়ুন: নারদ কাণ্ডে ইকবাল আহমেদের বাড়িতে সিবিআই, কণ্ঠস্বর রেকর্ড করলেন তদন্তকারীরা]
এদিকে, বউবাজারে বিপর্যয়ের ইস্যুকে নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েছে রাজ্য এবং কেন্দ্র। বৃহস্পতিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “এত কাণ্ড ঘটলেও রেলমন্ত্রী ঘুমোচ্ছেন।” যদিও মেয়রের মন্তব্যের বিরোধিতা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “রেলমন্ত্রী ঘুমোচ্ছেন একথা ঠিক নয়। তিনি প্রতি মুহূর্তেই ঘটনার দিকে নজর রেখেছেন।” তবে রাজনৈতিক নেতানেত্রীদের আকচাআকচিতে কান দিতে নারাজ ক্ষতিগ্রস্তরা। হাহাকারের শব্দে ভারী বিপর্যয়ের শিকার হওয়া বউবাজার। কবে আদৌ পরিস্থিতি ঠিক হবে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে চতুর্দিকে।
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?