রাহুল চক্রবর্তী: এবার কোপ পড়তে চলেছে পুলিশ অফিসারদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হওয়া গাড়িতে৷ সংশ্লিষ্ট ওই অফিসাররা কাজের প্রয়োজনেই শুধু গাড়ি পাবেন৷ তাঁর পরিবারের কারও জন্য কোনও গাড়ি অনুমোদন দেওয়া হবে না৷ যে ক’টি গাড়ি ব্যবহৃত হচ্ছে, তাও তুলে নেওয়া হবে৷ বারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে এমনই তথ্য পাওয়া গিয়েছে৷
বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা থানাগুলিকে আরও সুন্দর করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ আর তাতেই নজরে এসেছে থানায় ব্যবহৃত হওয়া পুলিশের গাড়িগুলি৷ পদস্থ পুলিশকর্তারা দেখেছেন, বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা সাইবার ক্রাইম ও মহিলা থানা বাদে বাকি ১৩টি থানার মধ্যে প্রায় অধিকাংশ থানাতেই যে গাড়িগুলি ব্যবহৃত হচ্ছে, তা বেশ পুরনো৷ ১৯৬৩ সালের এমন গাড়িও আছে৷ আবার ১৯৭০-৮০ সালের গাড়িও আছে প্রচুর৷ সব মিলিয়ে সংখ্যাটা দুশোর উপরে৷ আর দিনরাত টহল ও অপরাধীদের ধরতে যেভাবে ব্যবহৃত হয়েছে, তাতে পুলিশের গাড়িগুলির শারীরিক অবস্থা ভেঙে পড়েছে৷ কিছু গাড়ির অবস্থা এতটাই খারাপ যে, বাইরে বের করাই যাচ্ছে না৷
ইতিমধ্যে পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরি বিভাগীয় সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করে একাধিক পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, থানায় থাকা গাড়িগুলির পরিবর্তন করা হবে৷ কিছু নতুন গাড়ি আনা হয়েছে৷ আর কিছু গাড়ি অন্যভাবে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে৷ বারাকপুর পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরি বলেন, “নন-অপারেশনাল ইউনিটের গাড়িগুলি থানায় দেওয়া হবে৷ যাতে থানায় থাকা পুলিশ আধিকারিকদের কাজ করতে সুবিধা হয়৷”
কমিশনারেটের আধিকারিকদের কাছ থেকে জানা গিয়েছে, যে গাড়িগুলি বিভিন্ন পুলিশ অফিসাররা পরিবারের বিভিন্ন কাজে ব্যবহার করতেন, সেই গাড়িগুলি তুলে নেওয়া হবে৷ তারপর ওই গাড়িগুলিকে দেওয়া হবে থানায়৷ পুলিশ অফিসাররা লক্ষ্য করেছেন, দমদম, খড়দহ-সহ একাধিক থানায় গাড়ি বেশ পুরানো৷ এছাড়াও কিছু নতুন অত্যাধুনিক পরিষেবাযুক্ত গাড়ি আনা হয়েছে৷ গাড়িগুলিতে থাকছে জিপিআরএস পরিষেবাযুক্ত একাধিক ব্যবস্থা৷ সব থানায় কমপক্ষে পাঁচটি করে নতুন গাড়ি দেওয়া হবে৷ গাড়িগুলি কোথায় কীভাবে ‘মুভ’ করছে, তা কন্ট্রোল রুম থেকে অপারেট করা যাবে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার