সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি আর জি কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর। রবিবারই পুলিশে অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতালের গাফিলতিতেই এই ঘটনা বলেই অভিযোগ পরিবারের।
[আরও পড়ুন: বনগাঁ মামলার জের, হাই কোর্টে বিচারপতির এজলাস বয়কট রাজ্যের আইনজীবীদের]
বিমল দত্ত নামে বছর আটষট্টির ওই ব্যক্তি আদতে শিলিগুড়ির বাসিন্দা। জানা গিয়েছে, পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন ওই ব্যক্তি। মাথায় আঘাতের কারণেই ১০ জুলাই বিমল দত্তকে আর জি কর হাসপাতালে ভরতি করেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি শুরু হয় তদন্ত। পরিবার সূত্রে খবর, চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন ওই ব্যক্তি। আগের থেকে অবস্থার অনেকটা উন্নতিও হয়েছিল। এরপর রবিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। জানা যায়, ভোর সাড়ে তিনটে পর থেকে হাসপাতালের আর কেউ বিমলবাবুকে দেখতে পাননি। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভিন্ন জায়গায় খোঁজার পর তাঁর হদিশ না মেলায় হাসপাতালের তরফে খবর দেওয়া হয় তাঁর পরিবারের সদস্যদের। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।
হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থে কথা বলেন অন্যান্য রোগীদের সঙ্গেও কিন্তু তাতেও হদিশ মেলেনি ওই ব্যক্তির। কিন্তু কীভাবে হাসপাতালের নিরাপত্তার বেড়াজাল উপেক্ষা করে চম্পট দিলেন ওই ব্যক্তি? ২ দিনের তদন্তের পরেও কেন কোনও ইতিবাচক উত্তর দিতে পারলেন না তদন্তকারীরা। তা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীর পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, সরকারি হাসপাতাল নিয়ে সকলের অভিযোগের অন্ত নেই। প্রায়ই রোগীমৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের সরকারি হাসপাতালগুলি। অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্ন ওঠে চিকিৎসকদের ভূমিকা নিয়ে। এরই মাঝে আর জি কর হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনায় প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা।
[আরও পড়ুন: শাসকদলের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ, ‘শহিদ’ পরিবার নিয়ে রাজধানীর পথে বঙ্গ বিজেপি]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক