সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রামকথা’র আয়োজন ঘিরে দিন কয়েক আগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন মদন মিত্র৷ বিতর্কের মাঝে যদিও পরে তা বাতিল করে দেন তিনি৷ কিন্তু ‘রাম’ যেন কিছুতেই শাসকদলের নেতাদের পিছু ছাড়ছে না৷ এবার রামের সঙ্গে নিজের নাম জড়াতে চলেছেন তৃণমূলের আরও এক শীর্ষ নেতা৷ তিনি বেলেঘাটার বিধায়ক পরেশ পাল৷ সূত্রের খবর, নিজ বিধানসভা এলাকায় নাকি শীঘ্রই রাম-লক্ষ্মণ-হনুমানের মূর্তি বসাতে চলেছেন তিনি৷ ঘটা করে হবে সেই মূর্তি স্থাপনের অনুষ্ঠানও৷
[ আরও পড়ুন: শাস্তি পায়নি এনআরএস কাণ্ডের দোষীরা, এবার লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা ]
জানা গিয়েছে, কুমোরটুলির বিখ্যাত এক শিল্পীর হাতেই গড়ে উঠছে ফাইবারের এই রামের মূর্তি৷ ১১ ফুট উচ্চতার একটি হনুমানের এক কাঁধে রয়েছে রাম ও অন্য কাঁধে লক্ষ্মণ। তবে কেন হঠাৎ করে রামভক্ত হয়ে উঠলেন তৃণমূল নেতা পরেশ পাল? এ বিষয়ে পরেশ পালের তরফে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি৷ তবে রাজনৈতিক মহলের মতে, রাজ্য তথা শহরে বাড়তে থাকা হিন্দুবাদী মতাদর্শের সঙ্গে পাল্লা দিতেই এই পদক্ষেপ নিচ্ছেন বেলেঘাটার বিধায়ক৷ গত পঞ্চায়েত ভোট এবং সাম্প্রতিক লোকসভা ভোটেই দেখা গিয়েছে রাজ্যজুড়ে বেড়েছে গেরুয়া শিবিরের দাপট৷ যার উপর ভর করে এক ধাক্কায় দুই থেকে বেড়ে আঠারোটা আসনও পেয়েছে বিজেপি৷ এমনকী, কলকাতার বহু বিধানসভা কেন্দ্রে আশ্চর্যজনক ভাবে বেড়েছে পদ্ম শিবিরের ভোট৷ সমীক্ষা বলছে, বিধানসভার নিরিখে শাসকদলকে অনেক আসনে টেক্কা দিয়েছে বিজেপি৷ কোথাও কোথাও তৃণমূলের ঘাড়ের উপর নিশ্বাস ফেলছেন দিলীপ-মুকুলরা৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সেই হিন্দুত্ববাদী হাওয়া রোধের জন্যই তৃণমূল বিধায়কের রামের মূর্তি বসানোর তোড়জোড়৷
এমনকী, ঘটনার পিছনে আরও একটি কারণ রয়েছে বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল৷ তাঁদের মতে, পরেশ পালের বিধানসভা কেন্দ্র বেলেঘাটায় সম্প্রতি বেশ প্রভাব বিস্তার করতে শুরু করেছে বিজেপি৷ এবং সেখানে একটা বড় অংশের অবাঙালি ভোটারও রয়েছেন৷ সেই সমীকরণকে মাথায় রেখেই তাঁর এই সিদ্ধান্ত৷
[ আরও পড়ুন: ফিতে কাটবেন না অমিত শাহ, পুজো বিতর্কে জল ঢালল সংঘশ্রী ]
প্রসঙ্গত, রাম নবমী নিয়ে শহরে বাড়তে থাকা বিতর্কের সময়ই উল্টোডাঙ্গার মোড়ে হনুমানের মূর্তি বসান স্থানীয় বিধায়ক সাধন পাণ্ডে৷ ঘটা করে হনুমান জয়ন্তী পালন করতে শুরু করেন তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়করা৷ এরপর সম্প্রতি ভবানীপুরের বাড়িতে ‘রামকথা’র আয়োজন করার কথা ঘোষণা করেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তবে বিতর্ক এড়াতে পরে অনুষ্ঠান বাতিল করেন তিনি।
সর্বশেষ খবর
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল
-
হাতছাড়া কলকাতা পুরসভাও! দল বাঁচাতে কালীঘাটে বৈঠক মমতার, কারা কারা গেলেন?
-
বিধানসভার পর ভাঙছে তৃণমূলের সংসদীয় দলও! প্রতীক-তহবিল কি হাতছাড়া হবে মমতার? জানুন নিয়ম
-
মোল্লাতন্ত্রের বিরুদ্ধে শানিত স্বর! মারজানে সত্রপির মৃত্যুতে বিদ্রোহের রসদ পাবে ইরান
-
মেদহীন ঝরঝরে শরীর পেতে হন্যে? রান্নাঘরেই রয়েছে ‘মুশকিল আসান’, হদিশ দিলেন হর্ষবর্ধন রানে