Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Kolkata Police

‘ঘোষবাবু খুন হয়েছেন…’, ভয় দেখিয়ে লাখ টাকার কেপমারি, পলাতক দুই ভুয়ো গোয়েন্দা পুলিশ

সিসিটিভির ফুটেজের ভিত্তিতে কেপমারদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ২৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ২৩:৫৮

options
link
‘ঘোষবাবু খুন হয়েছেন…’, ভয় দেখিয়ে লাখ টাকার কেপমারি, পলাতক দুই ভুয়ো গোয়েন্দা পুলিশ zoom
ফাইল ছবি।
Advertisement

ঘোষবাবু খুন হয়েছেন। বেশি গয়না পরে ঘুরলে আপনার গলায় চাকু বসিয়ে দিতে পারে ডাকাতরা। নিজেদের লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসার বলে পরিচয় দিয়ে খুনের ভয় দেখিয়ে কেপমারি। এক ব‌্যক্তির কয়েক লাখ টাকার গয়না হাতিয়ে পালাল দুই ভুয়ো পুলিশ। এই ব‌্যাপারে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, শকুন্তলা পার্ক এলাকার এক বাসিন্দা নিজের স্কুটার চালিয়ে ওষুধ কিনতে যাচ্ছিলেন। পর্ণশ্রীর বীরেন রায় রোডে তিনি স্কুটার নিয়ে আসার পর একটি বাইকে করে দুই ব‌্যক্তি তাঁর পথ আটকায়। তারা নিজেদের লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিক বলে পরিচয় দেয়। প্রথমে অভিযোগকারী তাদের গুরুত্ব না দিয়ে চলে যাচ্ছিলেন। কিন্তু তারা বাইকে করে পিছু নিয়ে তাঁকে তাঁর স্কুটার রাস্তার পাশে রেখে নেমে আসতে বলে।

Advertisement

তারা তাঁকে জানায়, এলাকায় অপরাধ রুখতে টহলদারি চলছে। কিছুদিন আগেই ডাকাতরা রাস্তার উপর ঘোষবাবুকে খুন করেছে। বেশি গয়না পরলে তাঁর গলা কেটে ফেলে তাঁকে খুন করতে পারে ডাকাতরা। তাঁর হাতের তিনটি আংটি ও সোনার হার খুলে নেওয়ার ‘পরামর্শ’ দেয় দুই ভুয়ো পুলিশ। ওই ব্যক্তিকে একটি প্লাস্টিক দিয়ে বলে, তার ভিতর গয়নাগুলি রাখতে। তিনি প্লাস্টিকের ভিতর গয়না ও মোবাইল রাখতে তারা সেই প্লাস্টিক হাতে নিয়ে সেগুলি তাঁর স্কুটারের ডিকিতে রাখতে ‘সাহায‌্য’ করে। তাঁকে সেগুলি নিয়ে বাড়িতে চলে যেতে বলে তারা। তিনি বুঝতেও পারেননি যে, কয়েক সেকেন্ডের মধ্যেই হাতসাফাই করে সেই প্লাস্টিক থেকে গয়না হাতিয়ে নেয় তারা।

তিনি স্কুটার নিয়ে বাড়ি ফিরে এসে ডিকি খুলে দেখেন, তার ভিতর মোবাইল থাকলেও গয়নাগুলি উধাও। তিনি বুঝতে পারেন যে, কেপমারি করে তাঁর কয়েক লাখ টাকার সোনার গয়না নিয়ে পালিয়েছে দুই কেপমার। তখনই তিনি বীরেন রায় রোডে গিয়ে খোঁজখবর করেন। কিন্তু কারও সন্ধান পাননি। এর পরই তিনি পর্ণশ্রী থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত করেছে। সিসিটিভির ফুটেজের ভিত্তিতে কেপমারদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.